
প্রথম পর্ব শেষে দেশে ফিরেছেন হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন আনসালমে। তিন হলুদ কার্ডের খাঁড়ায় খেলতে পারেননি এমেকা ডার্লিংটন। হ্যাটট্রিক শিরোপার আশায় থাকা শেখ জামাল ধানমন্ডির শক্তি এতেই অর্ধেক শেষ। তার ওপর পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি নতুন বিদেশি মাইক ওতোজারেরি। এসবেরই যোগফল—দুঃস্বপ্নের মতো লিগের দ্বিতীয় পর্ব শুরু শেখ জামালের।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল লিগ চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে আবারও ঝলক দেখাল আরামবাগ। এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আরামবাগ উঠল ছয়ে। টানা তিন হারে ১৯ পয়েন্ট নিয়ে শেখ জামাল অনেকটাই পিছিয়ে পড়ল। মাঝখানে একটু ‘রোদ’ উঠলেও শেখ জামালের আকাশ আবার ঢেকে গেছে অন্ধকারে।
দলকে আলোয় ফেরাতে মোহামেডানের বিদায়ী কোচ জোসিমউদ্দিন জোসিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তিন দিন আগে নিয়োগ দিয়েছে শেখ জামাল। কাল ডাগআউটে সুইডিশ কোচ স্টিফান হ্যানসনের চেয়ে তাঁকেই বেশি সক্রিয় লাগল। হ্যানসনের অধীনে পাঁচ ম্যাচের তিনটিতেই হার তাঁর ভবিষ্যৎই অনিশ্চিত করে তুলেছে! টানা ব্যর্থতায় কাল ম্যাচ শেষে খুবই হতাশ দেখাচ্ছিল হ্যানসনকে, ‘ওয়েডসনের অভাবটা টের পেয়েছি ভালোভাবে। ও যেকোনো সময় যেকোনো দলের চেহারা বদলে দিতে পারে।’
লিগের প্রথম পর্বে এই শেখ জামালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আরামবাগ। কাল এল জয়, আর সেটি শেখ জামালের দুর্বলতা কাজে লাগিয়েই। প্রতি আক্রমণে আরামবাগ ভালো খেলছে সাইফুল বারী টিটুর অধীনে, কালও সেই প্রতি-আক্রমণেই তারা তুলেছে তিনটি পয়েন্ট। কোচ টিটু তাঁর পরিকল্পনা সফল করার জন্য কৃতিত্ব দিলেন ফুটবলারদের, ‘ওয়েডসন ও এমেকা অবশ্যই ভালো ফুটবলার। ওরা না থাকায় বাড়তি সুবিধা পেয়েছি। তবে আমার ছেলেরা খুবই ভালো খেলেছে।’
৪০ মিনিটে আত্মঘাতী গোল খেল শেখ জামাল। কর্নার থেকে রবিউলের উড়ে আসা বল জটলার মধ্যে জামাল গোলরক্ষক সুজনের হাত ফসকে বেরিয়ে যায়, ডিফেন্ডার দিদারুল ক্লিয়ার করতে গিয়ে বল উল্টো জালে। ৫৮ মিনিটে মাঝমাঠ থেকে একক চেষ্টায় আবদুল্লাহ করলেন ২-০। যোগ হওয়া সময়ে পেনাল্টিতে শেখ জামালের মাইকের শট আটকে দেন আরামবাগের গোলরক্ষক মিতুল। এমন নৈপুণ্যের পুরস্কার পাচ্ছেন আরামবাগের ফুটবলাররা, ক্লাব সভাপতি মমিনুল হক সাইদ তাঁদের দুই লাখ টাকা বোনাস দেবেন।
শেখ রাসেলের আবারও হার
শেখ জামালের হারের পর শেখ রাসেল ক্রীড়া চক্রের জন্যও দিনটি ভালো কাটেনি। উত্তর বারিধারার কাছে প্রথম পর্বে হেরে যাওয়া শেখ রাসেল সেই একই প্রতিপক্ষের কাছে কাল আবারও হেরেছে। দুটি ম্যাচই প্রথম ও ফিরতি পর্বে দুই দলের প্রথম ম্যাচ।
আগেরবার স্কোরলাইন ছিল ১-০, কাল ৩-০! বলা যেতে পারে, শেখ রাসেলকে লজ্জাই দিয়েছে বারিধারা। ১০ মিনিটে সুজন করলেন ১-০, ৬১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিমার গোলে ২-০। ৮৪ মিনিটে পেনাল্টিতে লিমাই এনে দেন তৃতীয় গোল।
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১২ দলের লিগে ১১তম স্থানে বারিধারা। ৮ পয়েন্ট নিয়ে সবার শেষে রাসেল। ১২ ম্যাচে রাসেলের জয় মাত্র দুটি। দুটি ড্র আর আট ম্যাচে হার!