অন্ধকার দেখছে হল্যান্ড

বিশ্বকাপে লুই ফন গালের অধীনে দারুণ খেলেছিল হল্যান্ড। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকার-দুর্ভাগ্যের শিকার না হলে ১৩ জুলাই রিও ডি জেনিরোর ফাইনালে জার্মানির বিপক্ষে তাদেরই হয়তো দেখত বিশ্ববাসী। গ্রুপ পর্বে স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া দলটি বিশ্বকাপ শেষ করেছিল ব্রাজিলকে ৩-০ গোলে বিধ্বস্ত করে, তৃতীয় হয়ে। কিন্তু বিশ্বকাপের পর ফন গাল দায়িত্ব ছেড়ে দেওয়ার পর যেন উল্টোপথেই হাঁটছে দলটি। খেলোয়াড় তালিকায় কোনো পরিবর্তন নেই, রবিন ফন পার্সি আছেন, আরিয়েন রোবেন আছেন। বিশ্বকাপের পর যেকোনো দলেই যে পরিবর্তনের হাওয়া লাগে, তেমনটি ঘটেনি ডাচদের ক্ষেত্রে। কোচ পরিবর্তন হলেও ফন গালের জায়গায় হাল ধরেছেন আরেক অভিজ্ঞ কোচ গুস হিডিঙ্ক। কিন্তু মাঠের পারফরম্যান্সের এমন বেহাল দশা কেন দলটির? ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আরও একটি হারের মুখোমুখি তারা। কাল রিকজাভিকে আইসল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছেন ফন পার্সি-রোবেনরা। হিডিঙ্ক দায়িত্ব নেওয়ার পর চতুর্থ ম্যাচে এটি হল্যান্ডের তৃতীয় হার।
হল্যান্ডের বিপক্ষে ইতিহাস যদিও আইসল্যান্ডের পক্ষে ছিল না, কিন্তু হল্যান্ড তো যেকোনো বিচারেই শক্তিমত্তায় ছিল এগিয়ে। যদিও আইসল্যান্ড সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলেই ইউরোপীয় ফুটবলে নিজেদের একটা শক্তি হিসেবে দাঁড় করাচ্ছে। ব্রাজিল বিশ্বকাপে অল্পের জন্য স্থান করে নিতে না পারা দলটি কাল দারুণ খেলেই হল্যান্ডকে হারিয়েছে। রিকজাভিকের প্রচণ্ড ঠান্ডা আইসল্যান্ডকে কতটা সাহায্য করেছে, সেটা এক দিকে সরিয়ে রেখেও বলা যায়, ওই ঠান্ডায় ডাচ ফুটবলাররা যেন রীতিমতো ‘বরফ’ বনেই গিয়েছিলেন।
আইসল্যান্ডের পক্ষে দুটি গোলই করেছেন গিলফি সিগার্ডসন। খেলার ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ৪২ মিনিটে তাঁর গোলেই জয় নিশ্চিত করে ফেলে আইসল্যান্ড। এর আগের দুই ম্যাচে তুরস্ক ও লাটভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া আইসল্যান্ডের বিপক্ষে জয়ের নেশায় অনেকটাই পিছিয়ে ছিল হল্যান্ড।
প্রথমার্ধের মধ্যভাগে রবিন ফন পার্সি ও আরিয়েন রোবেন গোল করার দুটি দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু পার্সির শট ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক হ্যানেস হ্যাল্ডরসন। রোবেন যে শটটি নেন, সেটায় জায়গা থেকে নড়ারই প্রয়োজন অনুভব করেননি হ্যাল্ডরসন। দ্বিতীয়ার্ধে নিষ্প্রভ ওয়েসলি স্নাইডারের জায়গায় ক্লাস-ইয়ান হান্টেলারকে নামিয়েও দলের পারফরম্যান্সে কোনো পরিবর্তন আনতে পারেননি কোচ হিডিঙ্ক।
এই হারে নিজেদের গ্রুপে এখনো পর্যন্ত মাত্র একটি জয় পাওয়া (কাজাখস্তানের বিপক্ষে) হল্যান্ডের সামনে অপেক্ষা করছে কঠিন পরিস্থিতিই। চেক প্রজাতন্ত্র ও আইসল্যান্ডের চেয়ে গ্রুপে পিছিয়ে পড়ে হল্যান্ড নিজেদের অনেকটাই সঁপে দিয়েছে ভাগ্যের হাতে। সূত্র: এএফপি, রয়টার্স।