অন্য উচ্চতায় রোনালদো

কালকের রাতটা হয়তো মনে রাখতে চাইবেন না। লা লিগার শিরোপার স্বপ্ন চোখে এঁকে মাঠে নেমেছিলেন, কিন্তু সেটি অধরাই থেকে গেছে। তবে ক্রিস্টিয়ানো রোনালদো পরশু এমন একটা রেকর্ড করেছেন, লা লিগাতেই কেউই এটি করতে পারেননি। টানা ছয় মৌসুমে অন্তত ৫০ গোল করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন রোনালদো!
গোলের হাফ সেঞ্চুরি পেয়ে গেছেন কাল সাত মিনিটেই। পরে ২৫ মিনিটে দেপোর্তিভোর জালে আরেকবার বল ঢুকিয়ে পেয়ে গেছেন নিজের ৫১তম গোলটিও। এই মৌসুমে লা লিগায় রোনালদোর গোল ৩৫টি, আর চ্যাম্পিয়নস লিগে গোল ১৬টি। গোল অবশ্য আরও বাড়ানোর সুযোগ থাকছে, ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অ্যাটলেটিকোর মুখোমুখি হচ্ছে রিয়াল।
২০১০-১১ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাম লিখিয়েছিলেন রিয়ালে। প্রথম মৌসুমেই করেছিলেন ৫৩ গোল। এর পরের মৌসুমগুলোতে ৫০, ৫৫ ও ৫১ গোল করেছিলেন। আর সবচেয়ে বেশি ৬১ গোল করার কীর্তি গত মৌসুমে।
তবে কাল জিনেদিন জিদানকে একটু ভাবিয়েই তুলেছিলেন রোনালদো। প্রথমার্ধেই পায়ে ব্যথা পেয়েছিলেন, দ্বিতীয়ার্ধে পরে আর মাঠেই নামেননি। ম্যাচ শেষে অবশ্য আশ্বস্ত করছেন, চোট গুরুতর কিছু নয়।