অন্য রকম এক শর সামনে গার্দিওলা
ম্যানুয়েল নয়্যার নিজেও জানেন না তিনি বায়ার্ন মিউনিখের হয়ে পরের ম্যাচের একাদশে থাকবেন কি না। জানেন না অধিনায়ক ফিলিপ লাম কিংবা রবার্ট লেভানডফস্কিও। তাহলে জানেন কে? শুধুই পেপ গার্দিওলা।
বিস্মিত হওয়ার কিছু আছে কি? কে একাদশে থাকবেন আর কে থাকবেন না, সেই সিদ্ধান্ত তো ফুটবলে চিরকালই কোচ নিয়ে থাকেন একনায়কের মতো। গার্দিওলার ক্ষেত্রে এটা আলাদা করে বলার কারণ, খেলোয়াড়দের এই একাদশে থাকা না-থাকার অনিশ্চয়তাটা সমকালীন কোচদের মধ্যে তাঁর দলেই বেশি। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ২০১৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরপর ম্যাচে অপরিবর্তিত একাদশ খেলাননি বায়ার্ন মিউনিখ কোচ। এই সময়ে বায়ার্ন কয়টা ম্যাচ খেলেছে জানেন? ৯৯টি! আজ বুন্দেসলিগায় মনশেনগ্লাডবাখের বিপক্ষে যদি আরও একবার পরিবর্তিত একটা একাদশ নামান গার্দিওলা, তাহলে টানা ১০০ ম্যাচে ১০০টি আলাদা একাদশ খেলানোর ইতিহাস গড়বেন বায়ার্ন কোচ। কে জানে ফুটবল দার্শনিক গার্দিওলার এটাও হয়তো একটা দর্শন।
কিন্তু এই দর্শনটা কেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন বায়ার্নের স্প্যানিশ কোচ, ‘খেলোয়াড়দের ফিটনেস, ছন্দ আর মানসিক সতেজতা ধরে রাখতে আবর্তনই সবচেয়ে ভালো সমাধান। আবার এতে করে সব খেলোয়াড় খেলার সুযোগও পাচ্ছে। তবে কেউ কেউ তো অন্যদের চেয়ে একটু বেশি সময় খেলবেই।’
আজ বুন্দেসলিগায় মনশেনগ্লাডবাখের বিপক্ষে যদি আরও একবার পরিবর্তিত একটা একাদশ নামান গার্দিওলা, তাহলে টানা ১০০ ম্যাচে ১০০টি আলাদা একাদশ খেলানোর ইতিহাস গড়বেন বায়ার্ন কোচ
ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অপ্টার দেওয়া তথ্য অনুযায়ী, এই ৯৯টি ম্যাচে গার্দিওলার দলে সবচেয়ে এই বেশি খেলাদের সারিতে প্রথম নামটি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের, ৯১টি ম্যাচে মাঠে দেখা গেছে তাঁকে, একাদশে ছিলেন ৯১.৯ ভাগ ম্যাচে। তাঁর পরেই আছেন জেরোম বোয়াটেং (৭৯ ম্যাচ) আর টমাস মুলার (৭৬ ম্যাচ)।
৯১টি ম্যাচ খেলা নয়্যার টানা সর্বোচ্চ খেলেছেন ৪২টি ম্যাচ। গার্দিওলার বায়ার্নে টানা সবচেয়ে বেশি খেলার রেকর্ডটা তাঁরই। তবে চমকপ্রদভাবে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে টানা সবচেয়ে বেশি খেলেছেন লেফটব্যাক হুয়ান বার্নাট। ৯৯টি ম্যাচের মধ্যে বার্নাট খেলেছেন মাত্র ৩৫টি ম্যাচে, তবে এর মধ্যে টানা খেলেছেন ২০ ম্যাচে!
একাদশে থাকার দিক থেকেও স্বাভাবিকভাবেই নয়্যার সবচেয়ে এগিয়ে। তাঁর পরেই আছেন ডগলাস কস্তা (৯০.৯ ভাগ ম্যাচে), লেভানডফস্কি (৮৭.৫ ভাগ ম্যাচ) ও বোয়াটেং (৭৯.৭ ভাগ ম্যাচ)।
তবে কে একাদশে খেলবেন আর কে খেলবেন না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গার্দিওলা কারও ধার ধারেন না, ‘আমার সময় নেই প্রতি সপ্তাহে খেলোয়াড়দের কাছে গিয়ে ব্যাখ্যা করার যে কেন সে খেলছে না। আর কেউ খেলছে না মানে এই নয় যে আমি তাকে পছন্দ করি না। এটা খেলোয়াড়েরা ভালোই জানে।’
অবশ্য এই আবর্তন দর্শনের পথে হাঁটা প্রথম কোচ নন গার্দিওলা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের তো টানা ১৬৫ ম্যাচে আলাদা একাদশ খেলানোর রেকর্ড আছে। লিভারপুলে কোচ থাকাকালে ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ৯৯ ম্যাচের প্রতিটিতেই আলাদা একাদশ খেলিয়েছেন রাফায়েল বেনিতেজ। বেনিতেজ ধারা ভেঙেছিলেন শততম ম্যাচে এসে। গার্দিওলা কী করেন, সেটা দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে। গোলডটকম।