অন্য রকম ক্লাসিকো
দূরদেশে ক্লাসিকো দর্শক
এল ক্লাসিকো যেখানেই হোক, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়েরা ভিআইপি বক্সে বসে খেলা দেখার আমন্ত্রণ পান। ঐতিহ্য মেনে ‘দ্য ফেনোমেনন’ রোনালদো ও লুইস ফিগো সেই আমন্ত্রণ গ্রহণ করে পরশু এসেছিলেন বার্নাব্যুতে। ব্যক্তিগত কারণে আসতে পারেননি অনেকেই। সাবেক বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল যেমন দাতব্যকাজে গিয়েছিলেন গ্রিসে। পরশু সেখানেই ক্লাসিকো দেখেছেন, থেসালোনিকি শহরে কিছু শরণার্থী ও অভিবাসীদের সঙ্গে। রিয়াল কিংবদন্তি রাউল ও সাবেক বার্সা ডিফেন্ডার জিয়ানলুকা জামব্রোতা খেলা দেখেছেন একসঙ্গে, ম্যানহাটনের এক হোটেলের ছাদে বসে! ডেইলি মেইল
ডি স্টেফানোকে ছাড়িয়ে
সব মিলিয়ে এল ক্লাসিকোতে অনেক দিন ধরেই তিনি সর্বোচ্চ গোলদাতা। শুধু লা লিগায় এল ক্লাসিকোতে এত দিন মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন আলফ্রেডো ডি স্টেফানো। পরশুর জোড়া গোলে রিয়াল কিংবদন্তিকে এখানেও পেছনে ফেলে দিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। সব মিলিয়ে এখন এল ক্লাসিকোতে ২৩ গোল মেসির, যার ১৬টি লা লিগার ম্যাচে। ডি স্টেফানো এল ক্লাসিকোতে করেছেন ১৮ গোল, যার ১৪টি লা লিগায়। ইএসপিএন
এনরিকের কীর্তি
ফ্রাঙ্ক রাইকার্ড, পেপ গার্দিওলা, টিটো ভিলানোভা ও জেরার্ডো মার্টিনো—বার্সেলোনার সর্বশেষ চারজন কোচই তাঁদের শেষ এল ক্লাসিকোতে হেরেছেন। লুইস এনরিকে আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, এটাই বার্সা কোচ হিসেবে তাঁর শেষ মৌসুম। সেই হিসেবে পরশু ছিল তাঁর শেষ ক্লাসিকো। তবে পূর্বসূরিদের ভাগ্য বরণ করতে হলো না তাঁকে। মেসি জাদু শেষ ক্লাসিকোতে জয়ের হাসি আঁকল এনরিকের মুখে। গার্দিওলার পর বার্নাব্যুতে পরপর দুটি লা লিগা এল ক্লাসিকোজয়ী দ্বিতীয় বার্সা কোচও এখন এনরিকে। অপ্টাজোসে
নেইমারও ছিলেন
তিন ম্যাচে নিষিদ্ধ থাকায় এল ক্লাসিকো খেলা হয়নি নেইমারের। মেসি-সুয়ারেজ-রাকিটিচদের সঙ্গী না হতে পারার কষ্টটা ব্রাজিল তারকা ভুললেন দলের জয় উদ্যাপনে। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ইভান রাকিটিচের করা বার্সার দ্বিতীয় গোলটির পর আনন্দে রীতিমতো চিৎকার করছেন বার্সার ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষেও মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দলের উৎসবের সঙ্গী হয়েছেন। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মনে হচ্ছে? তাতে কী! রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়টাই যে আসল। মার্কা
আবার রামোস
পরশুর ম্যাচের আগে বার্সার বিপক্ষে সর্বশেষ ২৭ ম্যাচে ১১টি লাল কার্ড দেখেছে রিয়াল মাদ্রিদ, চারটিই ছিল সার্জিও রামোসের! ক্লাসিকোতে লাল কার্ড দেখার অভ্যাস কি আর সহজে যায়! পরশু বার্নাব্যুতে রামোস দেখলেন পঞ্চম লাল কার্ড। ক্যারিয়ারে এ নিয়ে ২২ বার লাল কার্ড দেখলেন রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার। বার্নাব্যুতে এই ম্যাচে যে রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়েছেন, সেই আলেজান্দ্রো হার্নান্দেজই গত বছর ২ এপ্রিল নু ক্যাম্পের ক্লাসিকোতেও তাঁকে লাল কার্ড দেখিয়েছিলেন! ডেইলি মেইল