অন্য রকম বুন্দেসলিগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের বাজারে চলছে শেষ সময়ে সওদাপাতি সেরে ফেলার ব্যস্ততা। ইংলিশ প্রিমিয়ার লিগ তো এরই মধ্যে শুরু হয়ে গেছে, আর প্রথম ম্যাচটি হেরেও বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রান্সের লিগ ওয়ানে তো দুটি করে ম্যাচ হয়ে গেছে সবগুলো দলের। অহর্নিশ প্রতিদ্বন্দ্বিতার আমেজ আর সপ্তাহান্তে উত্থান-পতনের রোমাঞ্চ-আখ্যান নিয়ে আবারও জমজমাট ইউরোপের ফুটবল লিগগুলো। ফুটবলপ্রেমীদের এই রোমাঞ্চ আরও বাড়িয়ে দিতে আজ শুরু হয়ে যাচ্ছে জার্মানির বুন্দেসলিগাও। উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে ভলফ্সবুর্গ।
প্রচার-প্রচারণায় ইংলিশ লিগ এগিয়ে। রোনালদো-মেসি-নেইমারের কারণে গ্ল্যামারটা কয়েক মৌসুম ধরে লা লিগার বেশি। কিন্তু এবার বুন্দেসলিগার মাহাত্ম্যটা বেড়ে যাচ্ছে অন্য কারণে। ব্রাজিল বিশ্বকাপ জিতে এসেছে এবার জার্মানি। আর বিশ্ব চ্যাম্পিয়নের দেশের ফুটবল লিগটা কেমন হয় সেটা দেখার বাড়তি আগ্রহ তো থাকবেই। একটা আভাস পাওয়া গেছে, গত সপ্তাহে জার্মান সুপার কাপে বায়ার্ন-ডর্টমুন্ড ম্যাচেই। দুই জার্মান পরাশক্তির ওই ম্যাচটা দেখেছে বিশ্বের ২০৭টি দেশের দর্শক!
এই আগ্রহটা ফুটবলপ্রেমীদের দৃষ্টিকোণ থেকে। একই সঙ্গে বুন্দেসলিগার ক্লাবগুলোও কিন্তু চাইছে চ্যাম্পিয়নের মতোই খেলে ফুটবলপ্রেমীদের মন ভরাতে। বুন্দেসলিগার সাবেক চ্যাম্পিয়ন ভলফ্সবুর্গের ক্রীড়া পরিচালক ক্লাউস অ্যালফস যেমন বলছেন, ‘বিশ্বকাপ জয় লিগের প্রতিটি ক্লাবকেই সব পর্যায়ে আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করবে।’ মন ভরানোর এই চেষ্টাটা শুধু মাঠের ফুটবল দিয়ে নয়, মাঠের বাইরেও অনেক দিন ধরে করে যাচ্ছে জার্মান ক্লাবগুলো। উয়েফার র্যাঙ্কিংয়ে ইউরোপের সেরা তিন লিগের একটি বুন্দেসলিগা (অন্য দুটি লা লিগা ও প্রিমিয়ার লিগ)। কিন্তু প্রতিদ্বন্দ্বী লিগগুলোর চেয়ে দর্শক-সমর্থকদের সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে বুন্দেসলিগা বেশ এগিয়ে। উয়েফার সেরা পাঁচটি ফুটবল লিগের মধ্যে টিকিটের গড় দাম জার্মানিতে দ্বিতীয় সর্বনিম্ন। শুধু তা-ই নয়, ম্যাচ দেখতে উৎসাহিত করার জন্য টিকিটের সঙ্গে মাঝে মধ্যে বিনা পয়সায় রেল পাসও দেয় জার্মান ক্লাবগুলো।
জার্মান লিগ আরও একটা কারণে অন্য লিগগুলোর চেয়ে আলাদা। ইংল্যান্ড কিংবা স্পেনের যেমন বিদেশি ফুটবলারদের দাপট, বুন্দেসলিগায় সেই দাপটটা ঘরোয়া ফুটবলারদের। পরাশক্তি ক্লাবগুলো দেশের ফুটবলারদের নিয়েই দল সাজাতে বেশি আগ্রহী এবং এর সুফল তারা পাচ্ছে জাতীয় পর্যায়ে। এবার বিশ্বকাপে জার্মানি দলটা তো বলতে গেলে বায়ার্ন আর ডর্টমুন্ডের খেলোয়াড়দের নিয়েই গড়া ছিল।
শিরোপা লড়াইটা অবশ্য ঠিক প্রিমিয়ার লিগের মতো জমজমাট নয়, বরং গত কয়েক মৌসুমে বুন্দেসলিগাও যেন লা লিগার মতো দুই ঘোড়ার রেস হয়ে উঠেছে। সর্বশেষ পাঁচ মৌসুমে বায়ার্ন-ডর্টমুন্ড ছাড়া অন্য কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১২-১৩ মৌসুমে তো চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছে এই দুটি ক্লাবই। গত মৌসুমে তো সাত ম্যাচ হাতে রেখেই লিগ জিতেছে বায়ার্ন।
সেই বায়ার্ন এবার ডর্টমুন্ডের কাছ থেকে রবার্ট লেভানডফস্কিকে কিনে আরও শক্তিশালী। সঙ্গে লিভারপুল থেকে এসেছেন পেপে রেইনা, ভ্যালেন্সিয়া থেকে হুয়ান বারনাত। শিরোপা ছাড়া অন্য কিছু তাই বায়ার্নের জন্য ব্যর্থতা হিসেবেই ধরা হবে। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর কাছে লেভাকে বিক্রি করে দিলেও তুরিনো থেকে আনা স্ট্রাইকার চিরো ইম্মোবিলে আর হার্থা বার্লিন থেকে কেনা আদ্রিয়ান রামোস সে অভাব পূরণ করে দেবেন বলেই আশাবাদী ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ।
শেষ পর্যন্ত তাঁর আশা কতটা পূরণ হয় সেটা অবশ্য সময়ই বলে দেবে। রয়টার্স।