অন্য লড়াইয়ে নামতে হচ্ছে ক্রুইফকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়োহান ক্রুই​ফ
ইয়োহান ক্রুই​ফ

সত্তরের দশকে পুরো বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রাখা আয়াক্স ও ডাচ দলটার ফুসফুস ছিলেন। ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবেন ‘টোটাল ফুটবল’ দর্শনের কারণেও। তাঁর উদ্ভাবিত ‘ক্রুইফ টার্ন’ এখনো মুগ্ধতা জাগায় জাদুকরি ফুটবলারদের পায়ে। তবে এর পাশাপাশি আরেকটা পরিচয়ও ছিল ইয়োহান ক্রুইফের; যেটা না থাকলেই হয়তো খুশি হতেন—চেইন স্মোকার! একটা সময় দিনে ২০টা করে সিগারেট খাওয়ার ফলেই হয়তো ভুগতে হচ্ছে এখন। ফুসফুস ক্যানসার ধরা পড়েছে এই কিংবদন্তির!
ধূমপান অবশ্য ছেড়েছেন বহুদিন হলো। ১৯৯১ সালেও একবার ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছিল। চিকিৎসকের কড়া বারণ শুনে বাধ্য হয়ে সিগারেটের বদভ্যাস ছাড়তে হয়। কিন্তু ক্যানসার থেকে মুক্তি মিলল না। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ৬৮ বছর বয়সী ক্রুইফের শরীরে ক্যানসার ধরা পড়েছে গত মঙ্গলবার। তবে কোন পর্যায়ে আছে তা এখনো জানা যায়নি। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাবেন সাবেক বার্সেলোনা খেলোয়াড়। এরপরই বোঝা যাবে ক্যানসারটা কত দূর গড়িয়েছে।
ফুটবলকে সব সময় বদলে দেওয়ার লড়াইয়ে ছিলেন। মাঠে, ডাগ আউটে; এরপর মাঠের বাইরে থেকেও। সেই ক্রুইফকে এবার নেমে পড়তে হবে ক্যানসার নামে ঘাতক এক রোগের বিরুদ্ধে।
ক্রুইফের ক্যানসার ধরা পড়া পুরো ফুটবল বিশ্বের জন্যই দুঃসংবাদ। অসম্ভব প্রতিভাধর এক সাবেক খেলোয়াড়ের পরিচয় ছাপিয়ে ফুটবলে ক্রুইফের নামটা যে জড়িয়ে আছে আরও বড় পরিসরে। ১৯৭৪-এর হল্যান্ড দলটাকে নিয়ে ফুটবলকে দেখার ধরনটাই তো বদলে দিয়েছিলেন। জয়-পরাজয়ের হিসাবের বাইরে ফুটবল যে একটা বিনোদনও, সেটা ওই হল্যান্ডের মতো করে আর কে বুঝিয়েছিল? বিশ্বকাপ জেতা হয়নি, তবে সেটা তো বিশ্বকাপেরই আক্ষেপ, ক্রুইফের মতো খেলোয়াড়ের স্পর্শ পেল না বলে।
জাতীয় দলে ক্যারিয়ারটা থমকে গিয়েছিল মাত্র ৪৮ ম্যাচে। সেটাই যথেষ্ট ছিল ইতিহাসে অমরত্ব পাওয়ার। কিন্তু নামটা ক্রুইফ বলেই তাতে তৃপ্ত হননি। টোটাল ফুটবলের আঁতুড়ঘর আয়াক্সের হয়ে ইউরোপ শাসন করেছেন। ১৯৬৬-৭২ এই ছয় বছরে ছয়টি ডাচ লিগের পাশাপাশি ইউরোপিয়ান কাপও জিতেছিলেন তিনবার। পরের বছর যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। ক্রুইফের ছোঁয়াতেই ১৩ বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জিতেছিল বার্সা। তবে বার্সাকে ক্রুইফ সবচেয়ে বড় কিছু দিয়েছেন কোচ হিসেবে।
কাতালান ক্লাবটির প্রথম সোনালি প্রজন্মকে তৈরি করে টানা চার বছর লিগ শিরোপা। ১৯৯২ সালে বার্সা প্রথম ইউরোপিয়ান কাপ জিতেছে তাঁর কোচিংয়েই। জাভি-মেসিদের তৈরির কারখানা বার্সার বিখ্যাত ‘লা মেসিয়া’ তাঁরই স্বপ্নের ফসল। আর তার দেখানো ফুটবল দর্শনটা একটু বদলে টিকি-টাকায় রূপ দিয়েই তো আন্তর্জাতিক ফুটবলে স্পেন আর ক্লাব ফুটবলে বার্সা করল রাজত্ব।
বার্সেলোনায় ক্রুইফ কী, সেটি বোঝাতে নিউইয়র্ক টাইমস-এর এক সাংবাদিক লিখেছিলেন, ‘বার্সাকে ক্রুইফ ৯০ মিনিটে যা দিয়েছেন, অনেক বছরের সংগ্রামেও রাজনীতিবিদেরা সেটা পারেননি।’
ক্যানসারের কী সাধ্য এমন একজনকে হারাতে পারে? ক্রুইফ এই লড়াইটাতেও জিতবেন নিশ্চয়ই! বিবিসি, স্কাই স্পোর্টস।