অন্য সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রাইকার লুইস সুয়ারেজের প্রশংসা হয় অনেক। তবে ‘ব্যক্তি’ সুয়ারেজের ভাগ্যে সম্ভবত প্রশংসার চেয়ে নিন্দাই বেশি জোটে। মাঠে খেলোয়াড়দের কামড়ে দেওয়া, বর্ণবাদী মন্তব্য করা—বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকারকে নিয়ে কত সমালোচনা! তবে ২৮ বছর বয়সী খেলোয়াড় মহানুভবতারও পরিচয় দিয়ে দুরারোগ্য রোগে ভোগা এক শিশুর পাশে এসে দাঁড়িয়েছেন।
গত পরশু রেলাতোস সলিদারিওস (সংহতির গল্পসমগ্র) নামে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন সুয়ারেজ। অনুষ্ঠানে মায়ের সঙ্গে আসা ছোট্ট একটি মেয়ে একটি টি-শার্ট দিয়ে যায় বার্সা স্ট্রাইকারকে। ক্যান্ডেলা নামের মেয়েটি ভুগছে ফেনুল্কেটোনুরেয়া রোগে। জন্ম থেকেই জিনগত এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছে ক্যান্ডেলা। মেয়েটির মা চান সাবেক আয়াক্স ও লিভারপুল স্ট্রাইকার যেন টি-শার্টটি সবাইকে দেখিয়ে ক্যান্ডেলার লড়াইয়ে সমর্থন জানান।
ছোট্ট মেয়েটির এই ছোট্ট আবদার সুয়ারেজ রাখবেন বলে কথা দিয়েছেন। মার্কা।