‘অন্যতম সেরা’পিএসজিকে চাপেই পিষ্ট করতে চায় বায়ার্ন
প্রথম না ষষ্ঠ? আজ রাতে লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে এই প্রশ্নের উত্তরের দিকেই তাকিয়ে বিশ্ব ফুটবল। প্রথমবারের মতো ইউরোপ সেরার টুর্নামেন্টে ফাইনালে উঠে এসেছে ফ্রান্সের পিএসজি। অর্থাৎ ফরাসি ক্লাবটির হয়ে নেইমার, ডি মারিয়াদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। অন্যদিকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জার্মান চ্যাম্পিয়নদের সমৃদ্ধ ইতিহাস। এর আগে এগারোবার ফাইনাল খেলে পাঁচবার ইউরোপ সেরা হয়েছে বায়ার্ন। অর্থাৎ পরিসংখ্যানের বিচারে আজকের ফাইনালটি হতে যাচ্ছে অভিজ্ঞদের বিপক্ষে নবীনদের লড়াই।
নামে ও ভারে নিঃসন্দেহে এগিয়ে বায়ার্ন। পুরো টুর্নামেন্ট জুড়েই চ্যাম্পিয়ন দলের মতো খেলেছে লেভানডফস্কি-মুলাররা। কোয়ার্টার ফাইনালে তো লিওনেল মেসির বার্সেলোনাকেও উড়িয়ে দিয়েছেন ৮-১ গোলে। আজকের ফাইনালেও দর্শক জরিপে তারা ফেবারিট। এ ছাড়া ইউরোপ সেরার টুর্নামেন্টে ফাইনাল খেলাটা তো তাদের কাছে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বায়ার্নের এই অভিজ্ঞতাকে এগিয়ে রাখছেন পিএসজির কোচ টমাস টুখেল, ‘বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় বায়ার্ন এগিয়ে থাকবে। এটি ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ না করে দিলেও এটি ছোট কোনো বিষয় নয়। তারা বড় দল। তাদের বিপক্ষে খেলা দুর্দান্ত চ্যালেঞ্জ। তবে আমরাও চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য।’
আক্রমণভাগ ও রক্ষণে ভারসাম্যপূর্ণ একটি দল বায়ার্ন। তবে তাদের বিপক্ষে পুরোনো ধাঁচেই খেলতে চান ‘দ্য প্রফেসর’খ্যাত জার্মান কোচ টুখেল, ‘কঠিন লড়াই হবে। ব্যক্তিগতভাবে তাদের প্রতিটি খেলোয়াড়ই ভালো। তবে সবকিছুরই সমাধান আছে। আমাদের স্বাধীনভাবে খেলতে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে খেলা ও সুযোগগুলো কাজে লাগানোর মধ্যে মিশ্রণ বের করতে হবে। আগের ম্যাচগুলোতে (বরুসিয়া) ডর্টমুন্ড, আতালান্তা এবং লিপজিগের বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবেই খেলব।’
প্যারিসে অনেক ভালো খেলোয়াড় আছে। ফলে আকর্ষণীয় একটি ম্যাচ হবে। আমাদের দর্শন দিয়ে আমরা ম্যাচটি জিততে চাই
বুন্দেসলিগায় সর্বশেষ মৌসুমের শুরুতেও বায়ার্নের অবস্থা শীর্ষে থাকার মতো ছিল না। দলের সহকারী কোচ হান্সি ফ্লিক মূল কোচের চেয়ারে বসতেই বায়ার্নের বদল শুরু। দলটির সামনে আরও একবার ট্রেবল জয়ের হাতছানি। সেই দৌড়ে প্রতিপক্ষ পিএসজিকে বিশ্বের সেরা দল হিসেবে আখ্যা দিয়েছেন ফ্লিক। সঙ্গে প্রতিপক্ষ কোচের প্রতিও তাঁর অগাধ সম্মান, ‘আমরা প্যারিসের মুখোমুখি হতে যাচ্ছি। বিশ্বের সেরা দলগুলোর একটি সঙ্গে খেলতে পারায় আমরা আনন্দিত। তাদের দুর্দান্ত কোচ ও দর্শন রয়েছে। ব্যক্তি ও কোচ হিসেবে প্রশংসার যোগ্য টুখেল।’
বায়ার্ন মানেই প্রতিপক্ষকে চাপে পিষ্ট করে ফেলা। আজও সেই দর্শনেই দল নামাবেন ফ্লিক, ‘আমরা আগের মতোই প্রেসিংয়ে মনোযোগী হব। বার্সেলোনা ও লিওঁর বিপক্ষে ম্যাচ বিশ্লেষণ করে দেখেছি আমরা তাদের পাসিং চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছিলাম। প্যারিসে অনেক ভালো খেলোয়াড় আছে। ফলে আকর্ষণীয় একটি ম্যাচ হবে। আমাদের দর্শন দিয়ে আমরা ম্যাচটি জিততে চাই।’