‘অন্যদের’ সুযোগ দিতে নেপালের বিপক্ষে নেই আশরাফুল
নিয়মিত গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে ছাড়াই নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের অক্টোবরের ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের পর থেকে আশরাফুলই ছিলেন দলের এক নম্বর গোলরক্ষক। কিন্তু নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দলে জায়গায় হয়নি শেখ রাসেলের এই গোলরক্ষকের। চূড়ান্ত দলে রাখা হয়েছে দুই গোলরক্ষক শহীদুল আলম ( সোহেল) ও আনিসুর রহমান (জিকো) কে।
বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন সুমন রেজা ও এমএস বাবলু। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য গেল আগস্টে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয় তাঁদের। কিন্তু ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ায় কোচ জেমি ডে তাঁদের পরখ করে দেখার সুযোগ পাননি। নেপালের বিপক্ষে সিরিজের জন্য প্রথমবার অনুশীলনে সুযোগ পেয়েই কোচের মন জয় করে নিয়েছেন উইঙ্গার বাবলু ও স্ট্রাইকার সুমন। এ ছাড়া চোট কাটিয়ে অনেক দিন পরে দলে ফিরেছেন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ।
গোলরক্ষক আশরাফুলের দলে না থাকাটা বড় বিস্ময়ই। বিশ্বকাপ বাছাইপর্বের চারটি ম্যাচেই বাংলাদেশের পোস্ট সামলেছেন আশরাফুল। গত বছর কলকাতায় ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন তিনি। নেপালের বিপক্ষে সিরিজের আগে এই বছর বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ কেবল ম্যাচ খেলেছিল তিনটি। সব ম্যাচেই একাদশে ছিলেন আশরাফুল। সাম্প্রতিক সময়ে তাঁকেই বাংলাদেশের সেরা গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়। আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে জেমি ডে বলেন ,‘ এটা প্রীতি ম্যাচ। অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে। ’
আগামীকাল সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ১৭ নভেম্বর।
২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক: শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান
ডিফেন্ডার: তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত
মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, এমএস বাবলু ও সুমন রেজা।