অন্যের পাপের বোঝা আজও টানছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীরব দর্শক হয়ে একের পর এক গোল ঢুকে যেতে দিয়েছেন জালে। তখনো বোঝেননি, কী জালে চিরদিনের জন্য আটকা পড়তে যাচ্ছেন ইরান শেখ! ফাইল ছবি
নীরব দর্শক হয়ে একের পর এক গোল ঢুকে যেতে দিয়েছেন জালে। তখনো বোঝেননি, কী জালে চিরদিনের জন্য আটকা পড়তে যাচ্ছেন ইরান শেখ! ফাইল ছবি

কখনো এমন সময় আসবে ভাবেননি। শীর্ষ স্তরে ফুটবল খেলে রুটিরুজির পথ খেলা রাখাই ছিল তাঁর একমাত্র চিন্তা। কিন্তু সে আর হলো কই!

ইরান শেখ যেন জেলফেরত এক কয়েদি। সেই কয়েদজীবনের পাতা উল্টে দুঃখভরা কণ্ঠে বলতে থাকেন, ‘আমার জীবন তো শেষই হয়ে গেছে। ছেলেমেয়েদের ভরণপোষণ জোগাতে অনেক কষ্ট করতে হয় আমাকে।’
এই দুঃসহ অবস্থায় তাঁকে ঠেলে দিয়েছে নিয়তি, সিঁড়ি ভাঙতে ভাঙতে হঠাৎ ধপাস করে পড়ে গেলেন একদিন। ২০১১ সালের ১১ জুন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচ পতন ডেকে আনল ইরানের। রহমতগঞ্জের কর্তাদের অনৈতিক ইচ্ছা পূরণে বাধ্য হলেন দলের গোলরক্ষক। পোস্টের নিচে কাঠবৎ​ মূর্তি হয়ে থাকলেন। দুই গোলে এগিয়ে থাকা ম্যাচে রহমতগঞ্জ টাকার বিনিময়ে ইচ্ছাকৃতভাবে হারল ৫-২ গোলে!
বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিল কঠোর অবস্থানে, তিন বছর নিষিদ্ধ হলেন রহমতগঞ্জ কর্মকর্তা ও সাবেক ফুটবলার সালাউদ্দিন কালা, যিনি কিছুদিন আগে পাড়ি জমিয়েছেন পরপারে। একই সঙ্গে শেখ জামালকে ২০ লাখ ও রহমতগঞ্জকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। তবে সব ছাপিয়ে ইরানের দুই বছরের নিষেধাজ্ঞাই হয়ে ওঠে ‘টক অব দ্য ফুটবল’।
সেই নিষেধাজ্ঞা ২০১৩ সালের জুলাইয়ে শেষ হলেও ইরানের গায়ে কলঙ্কের দাগ লেগেই আছে। কখনোই তা মুছে ফেলা যাবে না। তাই বলে জীবনের চাকা থেমে থাকে না। জীবিকার সন্ধানে ম্যাচ পাতানোর শাস্তি শেষ হতেই ছুটে আসেন ঢাকায়। পেশাদার লিগের দ্বিতীয় স্তরে বাড্ডা জাগরণীতে খেলেনও কিছু ম্যাচ। কিন্তু দ্রুতই সেখানে ইতি টেনে দিলেন। জীবন যে চলে না!
বললেন, ‘টাকা নেই। শুধু শুধু খেলে লাভ কী! বাড্ডায় ছিলাম মাস চারেক। আমাকে দেওয়া হলো মাত্র ১০ হাজার টাকা! এ দিয়ে তো আর জীবন চলবে না। তাই চলে এলাম বাড়ি।’
কিন্তু বাড়ি গিয়েও সচ্ছলতার মুখ আর দেখা হয়নি। তবু লড়াই চলতে থাকল। বয়সের ভারে গোলরক্ষক হিসেবে আগের সেই ফর্ম আর নেই। সেরা সময়টা কালের স্রোতে নিজের অলক্ষ্যে হারিয়ে গেছে। তবু যে ফুটবল তাঁকে কলঙ্কিত নায়ক বানিয়েছে, সেই ফুটবলেই আশ্রয় খোঁজেন এখনো।
ফুটবলই তাঁর জীবিকার অবলম্বন। খুলনার আশপাশে ‘খেপ’ খেলতে ছুটে যান বরিশাল, বরগুনা, ভোলাসহ বিভিন্ন জেলায়। কতই আর পান, একটা ম্যাচে এক-দেড় বা বড়জোর দুই-তিন হাজার টাকা! বছরের প্রায় অর্ধেক সময়ই এ ধরনের ম্যাচ হয়ও না। হলে মাসে তিন-চারটা ‘খেপ’ আসে কখনো, কখনো আরও কম। খেলাবিহীন অবস্থায় জীবনের স্পন্দন থমকে যেতে চায়। দিশেহারা হয়ে ওঠেন ইরান।
এসব প্রসঙ্গ তুললে ফোনের ওপ্রান্তে খুলনার বাড়ি থেকে তাঁর ক্ষোভ আর আক্ষেপ মিলেমিশে একাকার শোনায়। ‘পাপ করল কে, শাস্তি দিল কাকে! ক্লাব আঁতাত করেছে। অথচ ঘটনার দায়ভার নিতে হলো আমাকে!’ এটুকুই বলে ভারাক্রান্ত ইরান থামতে চান, ‘এসব বলে কী হবে ভাই। বাদ দিন।’
কিন্তু দেশের ফুটবলের শিকড় ধরে টান দেওয়া তাঁর ওই ঘটনাটা কখনো প্রাসঙ্গিকতা হারায় না। প্রশ্ন আসে, ক্লাব কর্মকর্তাদের অনৈতিক ইচ্ছার প্রতিবাদ সেদিন করেননি কেন? ইরান বারবার বলতে থাকেন, প্রতিবাদ করার মতো অবস্থান তাঁর ছিল না, ‘আমি তো ক্লাবের কথা শুনতে বাধ্য ছিলাম। তাদের টাকা দিয়ে চলি। একজন চাকরিজীবী তার কর্তৃপক্ষের কথা না শুনলে বেতন হবে না। আমারও অবস্থা তা-ই হয়েছিল।’ ওই ঘটনাটা হয়তো অনেকে ভুলেই গেছে। কিন্তু কী করে ভুলবেন ইরান। বললেন, ‘আমি ভুলব না কোনো দিন। আমার তো মেরুদণ্ডই ভেঙে দিয়েছে ঘটনাটা।’
বাবা-মা, স্ত্রী, পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আর ছোট মেয়েকে নিয়ে সংসার। সেই সংসারে ভালোবাসা আছে, কিন্তু সচ্ছলতা নেই। বাফুফে শীর্ষ কর্তারা আয়ের একটা পথ করে দেবেন বললেও করেননি। কথা রাখেনি আসলে কেউই। তাই আরেকবার দীর্ঘশ্বাস ফেলেন, ‘কতজন কত–কী করবে বলেছে। কেউ কিছু করেনি। ক্লাবও না। একতরফা বিচার হয়েছে আমার বিরুদ্ধে। সত্যটা বের করে বিচার করলে অনেকেই ফেঁসে যেত।’
সত্যটা হলো এই, ঢাকার শীর্ষ ফুটবলে এখন আর পাতানো খেলার জোরালো কোনো অভিযোগ ওঠে না। নির্লজ্জ দৃশ্যমান ম্যাচ গড়াপেটা আর সেভাবে হয় না। স্বীকার করতেই হবে, ইরানের সেই শাস্তি থেকেই একরকম মুক্তি পেয়েছে বাংলাদেশের ফুটবল। কিন্তু ইরান আজও ‘বন্দী’। তাঁর হয়তো দোষ আছে, নিজের অসহায়ত্বের কথা ভেবে যে পাপ করতে বাধ্য হয়েছিলেন বলেই তাঁর দাবি। কিন্তু আসল পাপ তো তাঁর নয়। অথচ বোঝাটা একাই টানছেন তিনি, আজও...।