অপমানে মাঠেই কাঁদলেন ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষের বর্ণবাদী কটূক্তি সহ্য করতে না পেরে সিক্ত চোখে মাঠ ছাড়ছেন এভারটন লুইজ l এএফপি
প্রতিপক্ষের বর্ণবাদী কটূক্তি সহ্য করতে না পেরে সিক্ত চোখে মাঠ ছাড়ছেন এভারটন লুইজ l এএফপি

ম্যাচের পুরো ৯০ মিনিট তাঁকে দুয়ো দিয়ে গেছেন প্রতিপক্ষ দলের সমর্থকেরা। এভারটন লুইজ সব সয়ে গেছেন, প্রতিক্রিয়া দেখাননি। ঘটনাটা গত পরশুর, সার্বিয়ান লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পার্টিজান ও রাড বেলগ্রেডের ম্যাচে। পার্টিজানের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইজের উদ্দেশে বর্ণবাদী কথা লিখে ব্যানারও এনেছিলেন রাড সমর্থকেরা। সেটি দেখেও চুপ থেকেছেন লুইজ। কিন্তু ম্যাচ শেষেও আবার যখন তাঁকে এ রকম অপমান করা হলো, আর সহ্য করতে পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
ম্যাচটা পার্টিজান জিতেছে ১-০ গোলে। কিন্তু সেই জয় ছাপিয়ে লুইজের প্রতি প্রতিপক্ষ সমর্থকদের এই আচরণই হয়ে গেছে আলোচনার বিষয়। কতটা অপমানিত হওয়ার পর একজন পেশাদার ফুটবলার এভাবে সবার সামনে কান্নায় ভেঙে পড়তে পারেন! এমনকি ম্যাচ চলাকালেও মাইক্রোফোনে দর্শকদের উদ্দেশে কয়েকবার ঘোষণা দেওয়া হয়েছে এ রকম আচরণ না করতে। কিন্তু তাতেও কান দেননি রাড সমর্থকেরা।
পুরো ব্যাপারটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সার্বিয়ান ফুটবল লিগ কমিটি। তবে পার্টিজান কোচ মার্কো নিকোলিচ এরই মধ্যে নিন্দা জানিয়েছেন এ ঘটনার, ‘এটাই সার্বিয়ান ফুটবলের বাস্তবতা।’
আর যিনি এই অপমান সয়েছেন, সেই লুইজ তো ম্যাচের পর কান্নায় কথাই বলতে পারছিলেন না। সংবাদমাধ্যমের সামনে শুধু বলেছেন, ‘আমি এই মৌসুমটা ভুলে যেতে চাই। আমি সার্বিয়া ও সার্বিয়ার মানুষকে ভালোবাসি। এ জন্যই আমি কেঁদেছি। দয়া করে সবাই বর্ণবাদকে “না” বলুন।’ গোলডটকম, মিরর।