অপমানের জবাব অন্যভাবে দিতে জানেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই তরুণ সতীর্থকে নিয়ে মাঠে সময়টা ভালোই কাটল মেসির। ছবি: এএফপি
দুই তরুণ সতীর্থকে নিয়ে মাঠে সময়টা ভালোই কাটল মেসির। ছবি: এএফপি

এমএসএন ছিল না। তবে এমএমএস ছিল। দুই সতীর্থ লুইস সুয়ারেজ আর নেইমারকে ছাড়াই কাল খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। আক্রমণে সঙ্গী ছিল দুই তরুণ মুনির আর সার্জি রবার্তো। তবে তাদের নিয়েই নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে কাল হারিয়ে দিল মেসির দল। ২-০ গোলের জয়। দুই লেগ মিলিয়ে ৬-১-এর জয় দিয়ে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠে গেল বার্সেলোনা। গোলদাতার তালিকায় মেসির নামও নেই, দুটো গোলই মুনিরের। তবে মেসি জিতলেন, দারুণভাবেই জিতলেন।

দুই লেগের প্রথমটায় উত্তেজনা রীতিমতো সীমা ছাড়িয়ে গিয়েছিল। টানেলে হাতাহাতি হয়েছে। এস্পানিওলের দুই খেলোয়াড় দেখেছে লাল কার্ড। সুয়ারেজ দুই ম্যাচের জন্য হয়েছেন নিষিদ্ধ। প্রথম লেগটা ৪-১ গোলে জিতে বার্সা শেষ আটে এক পা দিয়ে রেখেছিল। তবে এই ম্যাচ নিয়ে টেনশন এতটুকু কমেনি। খোদ বার্সা কোচ লুইস এনরিকেকে বলতে হয়েছে, লড়াইটা গোলাকার বলটিকে নিয়েই হোক, অন্য কিছু নিয়ে নয়।
কিন্তু ১১ ​দিনের ব্যবধানে তিনবার মুখোমুখি হওয়ার পরও একই শহরের এই দুই ক্লাবের মধ্যে উত্তেজনার ধার এতটুকু কমেনি। গতকালও বেশ কবার খেলোয়াড়দের মধ্যে লেগে গেল। এর মধ্যে একবার মেসিকে তীব্রভাবে অপমান করেছেন আলভারো গঞ্জালেস। মেসির জীবনের সবচেয়ে দুর্বল জায়গাতেই আঘাত করেছেন—তাঁর উচ্চতা!
ছোটবেলায় মেসির গ্রোথ হরমোন নিয়ে দেখা দেওয়া সংকট, ভীষণ ব্যয়বহুল চিকিৎ​সার খরচ নিয়ে অকূলপাথারে পড়ে যাওয়া পরিবার, সেখান থেকে বার্সার ত্রাণকর্তা হয়ে আসা, আদৌ মেসি একদিন ‘মেসি’ হতে পারবেন কি না সেই অনিশ্চয়তাকে মেনে নিয়েও ব্যয়বহুল চিকিৎ​সার পুরোটায় বহন করা...এবং একদিন মেসির খোলস ছেড়ে প্রজাপতি হয়ে ওঠা, ফুটবলকে রঙিন ডানায় রঙময় করে তোলা...গল্পটার মধ্যে কোথাও তিক্ততা নেই।
কিন্তু এও সত্যি, বামুনাকৃতিদের ছোটবেলা থেকে নানা রকম খোঁটা শুনে বড় হতে হয়। গতকাল এস্পানিওল ডিফেন্ডার মেসিকে তাঁর সেই উচ্চতা নিয়েই গাল দিয়ে বসলেন। ইংরেজিতে লেখা হচ্ছে বটে গঞ্জালেস মেসিকে বলেছেন ‘ইউ আর রিয়েলি শর্ট’; কিন্তু কথাটা গঞ্জালেস মেঠো ভাষাতেই বলেছেন নিশ্চয়ই। তবে মেসিও চুপ থাকেননি। পাল্টা জবাব দিয়েছেন তিনিও। তবে তাঁর পাল্টা জবাবটা ঠিক যুতসই হয়নি এখানে: ‘ইও আর রিয়েলি ব্যাড’।
ফুটবল মাঠে যে এক-দুবার মেজাজ হারিয়ে ফেলেন না, তা নয়। তবে মেসিকে ভীষণ খেপে যেতে খুব কম বারই দেখা গেছে। কম গালি তো আর তাঁর উদ্দেশে বর্ষিত হয় না। প্রতিপক্ষকে যে দুঃসহ যন্ত্রণা দিনের পর দিন দিয়ে চলেছেন, সেটার পাল্টা হিসেবে বেশ ভালোই কথা হজম করতে হয়। তবে মেসি মুখে নয়, জবাব দিতে ভালোবাসেন পায়ে। মুখ দিয়ে কথা বলায় যত সাবলীল, তার চেয়ে যে কথার খই বেশি ফোটে পায়ের জাদুকাঠির ছোঁয়ায় যখন চর্মগোলকটিকে প্রাণ দেন।
মেসি কালও আসল জবাবটা দিলেন নিজের খেলা দিয়েই। না, গোল তিনি করেননি। কিন্তু দুই উঠতি তরুণ সতীর্থকে যেন প্রাণ খুলে খেলার সুযোগ করে দিলেন। একের পর এক আক্রমণ বা​নিয়ে দিয়েছেন দুজনকে। মেসির খেলা দেখে মন্ত্রমুগ্ধ একজন লিখেছে, ‘এই গ্রহে জন্ম নেওয়া সর্বকালের সেরা ফুটবলারটি তাঁর ওপরে যে দুই শিশু খেলছে, তাদের অকৃপণ হাতে জুজুবি (এক ধরনের ক্যান্ডি) বিলিয়ে যাচ্ছে। এই মানুষটা অনায়াসে এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারত, কিন্তু এর বদলে ও বেছে নিয়েছে দুই উঠতি তরুণকে আরও ভালো হয়ে উঠতে সাহায্য করার জন্য। এটাই তাঁকে কিংবদন্তিদেরও কিংবদন্তি করে তোলে।’