অপরাজিতা বাংলাদেশ

দেশে পুরুষ ফুটবল যেখানে ক্রমেই নামছে, সেখানে উঠে দাঁড়াচ্ছে মেয়েদের ফুটবল। ২০১৭ সালে বাংলাদেশের মেয়েদের ফুটবল ইঙ্গিত দিল, ফুটবলের পতাকা উঁচু করে তুলে ধরার দায়িত্ব তারাই নিয়েছে।
বছরের শেষ দিকে এসে বয়সভিত্তিক ফুটবলে মেয়েদের বিরাট সাফল্য। ২৪ ডিসেম্বর ঢাকার মাঠে অনূর্ধ্ব-১৫ সাফে বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশের মহিলা ফুটবল দল প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় ২০০৫ সালের এপ্রিলে। দক্ষিণ কোরিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবলে গুয়াম, হংকং ও জাপানের সঙ্গে সেবার ‘বি’ গ্রুপে খেলেছিল বাংলাদেশ।
মৌলবাদীদের চোখ রাঙানি উপেক্ষা করে ২০০৩ সালে দেশে মেয়েদের ফুটবলের যে ছোট চারা গাছ পুঁতেছিল ফেডারেশন, সেটাই এখন ফলদায়ক বৃক্ষ। হাঁটি হাঁটি পা পা করে অনেক এগিয়েছে মেয়েদের ফুটবল।
বিশেষ করে বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে। এর পেছনে বড় অবদান বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের। এই টুর্নামেন্টে খেলা মেয়েরাই তো খেলছে জাতীয় ও বয়সভিত্তিক দলে। ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালে শিরোপ জেতা দিয়ে সাফল্যের গল্টা শুরু বাংলাদেশের। এরপর ২০১৬ সালে একই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তাজিকিস্তানে। ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও চ্যাম্পিয়ন ওই বছর। এই মেয়েরা গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে খেলে এসেছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে। সেখানে উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে খেলেছে বাংলাদেশ। এরপর পরশু অনূর্ধ্ব-১৫ মেয়েদের সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এই মেয়েদের সামর্থ্য আরেকবার দেখল পুরো দেশ। আবারও এই মেয়েরা আনন্দে ভাসাল সবাইকে।
এই মেয়েরা অপরাজিতা! কতটা দাপটের সঙ্গে খেলেছে তহুরা, মার্জিয়ারা তা মাঠে না এলে বিশ্বাস করা কঠিন। শুধু তা-ই নয়, পুরো টুর্নামেন্টে ৪ ম্যাচে একটিও গোল খায়নি বাংলাদেশ। ফাইনালে ভারতের ম্যাচটা বাদ দিলে গোলরক্ষক মাহমুদা তো বেশির ভাগ সময় অলস সময় কাটিয়েছে পোস্টের নিচে। অথচ কোরিয়ায় ২০০৫ সালের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাপান ২৪ গোল দিয়েছিল বাংলাদেশের জালে।
দিন বদলে গেছে। বদলে গেছে মেয়েদের মাঠের খেলা। মাঠের বাইরেও যেন দারুণ পেশাদার ফুটবলার তহুরা, মনিকা, আঁখি। এই মেয়েদের বদলে যাওয়া দেখে মহিলা দলের সাবেক ফুটবলার অম্রা চিং মারমা ভীষণ উচ্ছ্বসিত, ‘আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে মেয়েরা এতটা ভালো ফুটবল খেলে।’
মেয়েদের এই বদলে দেওয়ার কারিগর কোচ গোলাম রব্বানী ছোটন। কাদামাটির দলা থেকে একেকটি মেয়েকে আগুনের গোলার মতো তৈরি করেছেন। যে মেয়েরা আগে ফুটবলে লাথি দিতে জানত না, সেই মেয়েদের নিয়ে বিশ্ব জয়ের স্বপ্ন দেখেন ছোটন।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এরই মধ্যে এই মেয়েদের নিয়ে অনেক বড় স্বপ্ন দেখা শুরু করেছেন। কাল বাফুফে ভবনে মেয়েদের ডেকে নিয়ে ধন্যবাদ দিয়েছেন। এই দলটাকে তৈরি করতে চান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ বাছাইপর্বে খেলানোর জন্য। এ জন্য চার বছরের একটি পরিকল্পনা তৈরি করতে চান। আগামী বছর নতুন করে শুরু করতে চান মেয়েদের পেশাদার ফুটবল লিগ।
অধিনায়ক মারিয়া মান্দা ট্রফিটা কাজী সালাউদ্দিনে হাতে তুলে দিয়ে কী যে খুশি। ট্রফিটা তুলে দিয়ে বলছিল, ‘আমরা চেয়েছিলাম চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা স্যারের হাতে তুলে দেব। সেটা পেরেছি।’