‘অপরাজেয়’ আর্জেন্টিনার হয়ে রেকর্ড গড়লেন স্কালোনি
অধিনায়ক লিওনেল মেসির জাদুতে বলিভিয়াকে ৪–১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফলে নিশ্চিত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ওঠার ব্যাপারটাও। আগামী ৩ জুলাই গোইয়ানিয়ায় ‘বি’ গ্রুপের চতুর্থ দল ইকুয়েডরের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবে মেসির আর্জেন্টিনা।
ম্যাচটা মেসির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের মাধ্যমেই বহুদিনের সতীর্থ হাভিয়ের মাচেরানোকে সরিয়ে এককভবে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলায় রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। আর এই উপলক্ষটা রাঙিয়েছেনও কী দুর্দান্তভাবে! রেকর্ড ভাঙার ম্যাচে ২টি গোল করেছেন মেসি, করিয়েছেন আরও ১টি। একতরফা ম্যাচে আর্জেন্টিনার হয়ে বাকি গোলগুলো করেছেন সেভিয়ার মিডফিল্ডার পাপু গোমেজ ও ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ।
দলের অধিনায়ক যেখানে রেকর্ড গড়ছেন, কোচই–বা পিছিয়ে থাকেন কি করে? লিওনেল স্কালোনির কপালেও জুটেছে একটি দুর্দান্ত রেকর্ড। স্কালোনির অধীনে শেষ ১৭ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা, একবারও দেখেনি হারের মুখ। এর মধ্যে জিতেছে ১০ ম্যাচে, ড্র করেছে বাকি সাতটিতে। আর্জেন্টিনার কোচ হিসেবে টানা অপরাজিত থাকার তালিকায় কিংবদন্তি কোচ গিলের্মো স্তাবিলের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন ৪৩ বছর বয়সী এই কোচ। ১৯৫৬-৫৭ সময়কালে স্তাবিলের অধীনে ১৭ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা।
আরেকটি ম্যাচ জিতলে মার্সেলো বিয়েলসার সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে আসবেন স্কালোনি। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ১৮ ম্যাচ আর্জেন্টিনাকে অপরাজিত রেখেছিলেন বর্তমানে লিডস ইউনাইটেডের দায়িত্বে থাকা এই কোচ।
তবে শীর্ষে যিনি আছেন, তাঁকে ধরাটা একটু কঠিনই বলা চলে। ১৯৯১ সাল থেকে ১৯৯৩ পর্যন্ত টানা ৩১ ম্যাচ আলবিসেলেস্তিদের অপরাজিত রেখেছিলেন কোচ আলফিও বাসিলে। দলকে জিতিয়েছেন কোপা আমেরিকা। ফলে সে রেকর্ড নিজের করে নিয়ে এই কোপা তো জিততে হবেই, সঙ্গে অপরাজিত থাকার এই ধারাটা আরও এগিয়ে নিয়ে যেতে হবে স্কালোনিকে।
স্কালোনি অবশ্য এখন শুধু কোপা পেলেই সন্তুষ্ট থাকবেন হয়তো!