অপরাজেয়র রেকর্ডে রাইকার্ডকে ধরে ফেলেছেন এনরিকে

ট্রেবল জিতে মৌসুম শেষ করা বার্সেলোনার এ মৌসুমের শুরুটা ভালো হয়নি। মৌসুমের শুরুতেই মেসির চোট, সেল্টা ভিগোর বিপক্ষে চার গোল খাওয়া—সব মিলিয়ে লুইস এনরিকের মধু চন্দ্রিমা শেষ বলেই মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াতে সময় নেননি নেইমার-সুয়ারেজরা। এতটাই ভালো করছে বার্সেলোনা, তাদের হারানো এখন অসম্ভব বলেই মনে হচ্ছে। যোগ্য প্রতিপক্ষের অভাবে এখন নিজেদের সঙ্গেই লড়াই করছে তারা, আরও পরিষ্কার করে বললে—নিজেদের অতীত রেকর্ডের সঙ্গে।
মালাগার বিপক্ষে লিগের সর্বশেষ ম্যাচটি কাতালান ক্লাবটিকে খেলতে হয়েছিল নেইমারকে ছাড়াই। কিন্তু তাতেও কোনো সমস্যা হয়নি। ২-১ গোলে ম্যাচ জিতে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। আর এই জয় দিয়ে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডকে নিয়ে গেছে ২৪ ম্যাচ পর্যন্ত। এর মধ্যে ১৯টিতেই জয়, ৫টিতে ড্র। সব প্রতিযোগিতা মিলে অপরাজিত থাকার রেকর্ডে ফ্রাঙ্ক রাইকার্ডের দলকে ছুঁয়েছে লুইস এনরিকের বার্সেলোনা। ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনা ২৪ ম্যাচ অপরাজিত ছিল।
গত শনিবার সেই রেকর্ডে ভাগ বসালেন মেসিরা। আজ কোপা ডেল রেতে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ফিরতি লেগ। এই ম্যাচ জিতলে বার্সাকে দীর্ঘ অপেক্ষা শেষে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ক্লাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা রাইকার্ডকেও পেরিয়ে যাবেন এনরিকে। সামনে থাকবে কেবলই পেপ গার্দিওলার রেকর্ড। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমে টানা ২৮ ম্যাচ অপরাজিত ছিল বার্সা।
এটি সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার রেকর্ড। শুধু লিগের হিসাব ধরলে গার্দিওলার ওই ২০১০-১১ মৌসুমেই টানা ৩১ ম্যাচ অপরাজিত ছিল বার্সা। নিজেদের মাঠে বার্সা লিগে ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত অপরাজিত ছিল টানা ৬৭ ম্যাচে, যে রেকর্ড গার্দিওলার পক্ষেও ভাঙা সম্ভব হয়নি। তবে গার্দিওলার সময়টাতেই ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে পরের বছর এপ্রিল পর্যন্ত লিগে প্রতিপক্ষের মাঠে টানা ২৩ ম্যাচে হারেনি বার্সা।
২০০৯-১০ মৌসুমে বার্সা লিগের প্রথম ম্যাচটি শুরু করে টানা ২১ ম্যাচ পর্যন্ত অপরাজিত ছিল। হোম-অ্যাওয়ে মিলিয়ে লিগে বার্সার টানা জয় এসেছিল ১৬ ম্যাচে, ২০১০-১১ মৌসুমে। সূত্র: এফসি বার্সেলোনা ওয়েবসাইট