অপহরণের পর মুক্তি পেলেন তেভেজের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে তেভেজ। ফাইল ছবি
বাবার সঙ্গে তেভেজ। ফাইল ছবি

এমনটা ব্রাজিলে ঘটত কিছু দিন পর পর। টাকার জন্য কোনো ফুটবল তারকার পরিবারের সদস্যদের অপহরণ করা হতো। দাবি করা হতো বড় অঙ্কের মুক্তিপণ। আর্জেন্টিনার ফুটবল তারকা কার্লোস তেভেজের বাবাও এবার অপহরণের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার সেগুন্দো তেভেজকে অপহরণ করার পর অবশ্য পরে মুক্তিও দেয় অপহরণকারীরা। তবে এর জন্য কত মুক্তিপণ দিতে হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।

তেভেজ পরিবারের আইনজীবী গুস্তাভো গালাসো একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘তিনি এখন মুক্ত। ভালো অবস্থাতেই আছেন। এখন তিনি আছেন পরিবারের সঙ্গেই।’

মঙ্গলবার সকালে বুয়েনস এইরেসের শহরতলিতে এ ঘটনা ঘটে। তেভেজের বাবা তখন গাড়ি চালাচ্ছিলেন। অপরাধীরা প্রথমে গাড়িটাই ছিনতাই করতে চেয়েছিল। কিন্তু পরে গাড়ির কাগজপত্র ঘেঁটে যখন দেখে চালক তেভেজের বাবা, আরও বড় দাঁও মারতে তাঁকেই অপহরণ করা হয়। আট ঘণ্টা পরে মুক্ত হন তেভেজের বাবা।

তেভেজের জন্মদাতা পিতা তাঁর শৈশবেই মারা গিয়েছিলেন। এরপর সেগুন্দোকে বিয়ে করেন তেভেজের মা। এএফপি।