অপেক্ষা ফুরোবে হাঙ্গেরির?
ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে হাঙ্গেরি সর্বশেষ খেলেছে ১৯৭২ সালে, বিশ্বকাপে সর্বশেষ ১৯৮৬ সালে। প্রায় ৩০ বছর পর বিশ্ব ফুটবলের বড় কোনো আসরে খেলার সুযোগ এসেছে পুসকাসের দেশের সামনে। সে জন্য এবার ইউরো বাছাইয়ের প্লে-অফে হাঙ্গেরিকে পেরোতে হবে নরওয়ে-বাধা। ১৯৯৮ বিশ্বকাপের পর আর কোনো বড় আসরে খেলা হয়নি নরওয়েরও। দুই লেগের প্রথম ম্যাচটি ১২ নভেম্বর, পরেরটি ১৫ নভেম্বর।
গতকাল হয়ে যাওয়া ড্র নিশ্চিত করেছে ২০১৬ ইউরো বাছাইপর্বের অন্য তিনটি প্লে-অফে ইউক্রেনের প্রতিপক্ষ স্লোভেনিয়া, ডেনমার্কের প্রতিপক্ষ সুইডেন, আয়ারল্যান্ড খেলবে বসনিয়ার বিপক্ষে।
এর আগে নরওয়ের সঙ্গে ১৬ বারের সাক্ষাতে ৬ বার জিতেছে হাঙ্গেরি, হেরেছে ৫ ম্যাচ। তবে নরওয়ের বিপক্ষের তাদের সর্বশেষ জয়টা ১৯৮১ সালে বুদাপেস্টে। এরপর টানা ৯ ম্যাচে নরওয়েকে হারাতে না পারলেও এবার খুব আত্মবিশ্বাসী হাঙ্গেরির কোচ ব্রেন্ড স্টোর্ক, ‘আমরা নরওয়ের খেলাটা জানি। ওদের সঙ্গে আমাদের কারও পরিচয় করিয়ে দিতে হবে না। আমরা জানি কী করতে হবে।’
আত্মবিশ্বাসী বসনিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ডের কোচ মার্টিন ও’নিলও, ‘বসনিয়ায় ম্যাচটা ভালো খেলে আসতে হবে যাতে ডাবলিনের ম্যাচে আমাদের হাতেই থাকে ব্যাপারটা।’ এএফপি।