অপেক্ষা বাড়ল রাসেলের
চ্যাম্পিয়নস ট্রফিটা দুই ম্যাচ হাতে রেখে ঘরে নিয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি। রানার্সআপ হতে এখন লড়ছে শেখ রাসেল, মোহামেডান ও আবাহনী।
চট্টগ্রামে কাল চট্টগ্রাম আবাহনীকে হারাতে পারলে দ্বিতীয় স্থানটা নিশ্চিত হয়ে যেত শেখ রাসেলের। কিন্তু গোলশূন্য ড্র করায় তাদের অপেক্ষা বাড়ল। এ সুযোগে রানার্সআপ হওয়ার দুয়ার খুলেছে মোহামেডান ও আবাহনীর সামনে। তবে ১৬ আগস্ট শেখ রাসেল নিজেদের শেষ ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে হারলেই শুধু সম্ভাবনা থাকবে দুই প্রধানের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল রহমতগঞ্জকে হারিয়ে সেই সম্ভাবনার দৌড়ে এগিয়ে থাকল সাদাকালোরাই।
১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে শেখ রাসেল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে মোহামেডান। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট পাঁচে থাকা আবাহনীর।
কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১০ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। অরূপ বৈদ্যর ক্রসে ইসমাইল বাঙ্গুরার হেডে লক্ষ্যভেদ। ম্যাচে ফেরার চেষ্টা করেও গোলের মুখ দেখেনি রহমতগঞ্জ। কিন্তু দুর্ভাগ্য পুরান ঢাকার দলটির, ২৬ মিনিটে সোহেল মিয়ার শট ক্রসবারে লাগে। মোহামেডান অবশ্য ব্যবধান বাড়াতে পারত ৬৬ মিনিটে। জুয়েল রানার শট রহমতগঞ্জ গোলরক্ষক আল আমিন ফিরিয়ে দেন। বাকি সময় চেষ্টা করেও কেউই আর গোল করতে পারেনি।