অপেক্ষা বাড়ল কোচ নিয়োগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল কমিটি একমত হয়ে জর্জ কোটানের নাম সুপারিশ করেছে। প্রস্তাব পেয়ে কোটান রাজি হয়েছেন, তাঁকে কোচ করার ব্যাপারে সম্মত হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। এমন অবস্থায় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে কোটানকে নিয়োগ দেওয়াটা তো সময়ের ব্যাপার বলেই গণ্য হওয়া স্বাভাবিক। কিন্তু না, চূড়ান্ত হয়েও বিষয়টি চূড়ান্ত নয়। জাতীয় দল কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ কাল জানালেন, ‘কোচ নিয়োগের ব্যাপারে আরেকটু সময় নেব আমরা।’

জর্জ কোটান এ মুহূর্তে ফিফার তৃণমূল পর্যায়ের কর্মসূচি নিয়ে ব্যস্ত। ২০-২৮ জানুয়ারি পর্যন্ত থাকবেন স্কটল্যান্ডে। তাঁকে পাওয়া যাচ্ছে না বলেই কি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি? কাজী নাবিল বিষয়টি পরিষ্কার করেননি, ‘আমাদের মূল লক্ষ্য যেহেতু বছর শেষের সাফ ফুটবলে ভালো করা, সে জন্য দীর্ঘমেয়াদি চিন্তা করেই কোচ নিয়োগ দিতে চাই। আমরা যাঁদের সঙ্গে কথা বলেছি, তাঁদের কেউই ফেব্রুয়ারির ৪-৫ তারিখের আগে সময় দিতে পারবেন না। সে জন্যই আমরা সময় নিচ্ছি।’ তবে সভাসূত্রে জানা গেছে, বেতন-ভাতা নিয়ে দর-কষাকষি করছেন কোটান। বাফুফের প্রস্তাবিত বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধার বিষয়টি ভেবে দেখতে তিনি সময় চেয়েছেন কয়েক দিন। এমন আভাসও পাওয়া গেছে, ৭০ বছর বয়সী অস্ট্রিয়ান কোচের আসার সম্ভাবনার চেয়ে না আসার সম্ভাবনা বেশি।

তবে কোচের নিয়োগ চূড়ান্ত না করলেও জাতীয় দলের ক্যাম্প ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপ শুরু হওয়ার আগে যাতে ক্লাবগুলো দল গড়ার সুযোগ পায় সেটি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত। শেখ কামাল টুর্নামেন্ট শুরুর আগেই কোচ নিয়োগ করবে বাফুফে। কোচ যিনিই হোন না কেন, বাংলাদেশে এসে শেখ কামাল টুর্নামেন্ট দেখেই তিনি গড়বেন জাতীয় দল।

তবে এর আগে ৩০ জনের বেশি খেলোয়াড় নিয়ে শুরু হবে ক্যাম্প। সর্বশেষ নয় মাস যাঁরা জাতীয় দলে খেলেছেন বা ক্যাম্পে ছিলেন ডাক পাবেন তাঁরাই।