বিস্ময়, চমক, আলোড়ন, রোমাঞ্চ—ফুটবলে শব্দগুলো প্রায়ই ফিরে ফিরে আসে। তার পরও এগুলো কখনো ক্লিশে হয়ে যায় না, যেমন হলো না পরশুও। চ্যাম্পিয়নস লিগের রাতটা তো কম বিস্ময় ছড়ায়নি। যেমন ধরুন, রিয়ালের হয়ে প্রতি ম্যাচে গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলা রোনালদোর গোল না পাওয়া। বা ধরুন ১-২ গোলে পিছিয়ে থেকে জুভেন্টাসের দারুণভাবে ফিরে আসা। চাইলে দ্বিতীয় সারির দল পেয়েও লিভারপুলকে রিয়ালের মাত্র এক গোল দেওয়াটাকেও ধরতে পারেন। বলতে পারেন ঘরোয়া লিগে খাবি খেতে থাকা ডর্টমুন্ডের চ্যাম্পিয়নস লিগ জয়রথকেও। তবে আর্সেনাল-আন্ডারলেখট ম্যাচের কাছে এসব কিছুই ম্লান। নিজেদের মাঠে তিন গোলে এগিয়ে গিয়েও আর্সেনালের ৩-৩ গোলে ড্র করাকে বিস্ময় বললেও কম বলা হবে।
মিকায়েল আরটেটা ও অ্যালেক্সিস সানচেজের গোলের পর ৫৮ মিনিটে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন যখন আর্সেনালকে তৃতীয়বারের মতো এগিয়ে দিলেন, এমিরেটসে গমগম করছে দর্শকদের কোরাসে। কে ভাবতে পেরেছিল ৩০ মিনিট পরেই সেটা মিলিয়ে যাবে? কিন্তু আন্ডারলেখট যেন ফিরিয়ে আনল লিভারপুল-এসি মিলানের সেই ‘ইস্তাম্বুল মহাকাব্য’। ৬১ ও ৭৩ মিনিটে অ্যান্থনি ভ্যান্ডেন বোরার জোড়া গোলে ব্যবধান কমানোর পর অন্তিম সময়ে সমতা আনেন আলেক্সান্ডার মিত্রোভিচ।
আর্সেনাল যে গা ছেড়ে দিয়েছিল, ম্যাচ শেষে কোচ আর্সেন ওয়েঙ্গার সেটি স্বীকার না করে পারেননি, ‘খুবই হতাশাজনক। হয়তো ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর অবচেতনভাবে ওদের আমরা খাটো করে দেখেছিলাম। চ্যাম্পিয়নস লিগে আপনাকে সব সময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা আজ সেটা ছিলাম না।’
লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের অতটা হতাশ হওয়ার কথা নয়। বার্নাব্যু থেকে দুর্দান্ত রিয়াল মাদ্রিদের কাছে এক গোলে হেরে আসা খুব খারাপ নয়। কিন্তু সেটাই যেন পোড়াচ্ছে রজার্সকে, ‘আমরা বিশ্বের সেরা দলের সঙ্গে দারুণভাবে রক্ষণ সামলেছি। এই ম্যাচ থেকে খালি হাতে ফিরে আসাটা দুর্ভাগ্যই।’ ২৭ মিনিটে করিম বেনজেমা করেছেন ম্যাচের একমাত্র গোলটি। রিয়াল কোচ আনচেলত্তি অবশ্য ন্যূনতম ব্যবধানে জিতেও অখুশি নন, ‘আমার মনে হয় আমরা ভালোই খেলেছি। আমরা খুব বেশি ঝুঁকি না নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছি।’ তবে কোচ সন্তুষ্ট হলেও তাঁর প্রিয় ছাত্র রোনালদো খুশি হন কী করে? এক গোল করলেই যে রাউলের ৭১ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলতেন। সেটা হয়নি, বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। লিভারপুল গোলরক্ষক সিমোন মিনিয়োলেতকেও কৃতিত্ব দিতে হবে, কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন। তাতে অবশ্য রিয়ালের কিছু এসে-যায়নি। দুম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোতে উঠে গেছে গতবার লা ডেসিমাজয়ী চ্যাম্পিয়নরা।
বরুসিয়া ডর্টমুন্ডও উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। ঘরোয়া লিগে এখনো অবনমনের শঙ্কায় থাকা জার্মান দলটি ইউরোপীয় প্রতিযোগিতায় দুর্দান্ত। গ্যালাতাসারাইকে পরশু ৪-১ গোলে হারিয়ে তারা পেয়েছে টানা চতুর্থ জয়, নিশ্চিত হয়েছে পরের পর্ব। ডর্টমুন্ড কোচ এখন এটিকেই প্রেরণা বানাতে চান ঘরোয়া লিগে, ‘আমি ওদের এটা উপভোগ করতে বলেছি, এটা গুরুত্বপূর্ণ। এই জয় থেকে আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে নিতে হবে।’ এএফপি।