অপেক্ষায় কিংবদন্তিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে হঠাৎ অবসরের ঘোষণায় পুরো ফুটবল-বিশ্বের হতবিহ্বল ভাবটা এখনো পুরো কাটেনি। আর্জেন্টাইন তারকাকে ঘিরে এখনো চলছে আক্ষেপ। তাঁকে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন কিংবদন্তিরা। অনেকেই ভাবছেন এ সাময়িক অভিমান, মেসি ঠিকই আবার ফিরে আসবেন আকাশি-সাদায় উজ্জ্বল হয়ে।
এর আগে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা, এমনকি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরি মেসিকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেছেন। কাল এই তালিকায় যোগ দিলেন পেলেও। আর্জেন্টিনা ফরোয়ার্ডকে ফেরার অনুরোধ জানিয়ে ব্রাজিল কিংবদন্তি বললেন, ‘ও অনেক কষ্ট পেয়েছে। কিছুদিন অপেক্ষা করলে হয়তো এসব ভুলেও যাবে। কারণ, অনেক দুর্দান্ত খেলোয়াড়ের ক্ষেত্রে এমন হয়েছে। আশা করি, ও আমার কথা শুনবে।’
বড় রোনালদোর কণ্ঠেও একই সুর। সাবেক ব্রাজিল স্ট্রাইকারের চোখে মেসি সময়ের সেরা ফুটবলার, সেটি অনেকবার তিনি বলেছেনও। আর্জেন্টিনা অধিনায়কের এমন আক্ষেপ জাগিয়ে সরে যাওয়ার খবরে যেন প্রিয়জন হারানোর কষ্টই পাচ্ছেন রোনালদো, ‘এটা মেসির একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে। মনে হচ্ছে যেন মেসি আমাদেরকে অসহায় ফেলে রেখে চলে গেছে। আশা করছি, ও মন বদলাবে।’
মারিও কেম্পেসও বিশ্বাস করেন মেসি মন বদলে আবারও আর্জেন্টিনার হয়ে খেলবেন। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক (১৯৭৮) বলেছেন, ‘আমার মনে হয় মেসি ফিরবে। শুধু খারাপ একটা সময় যাচ্ছে, এই যা।’ তবে মেসির চার ফাইনালে হারকে ব্যর্থতা হিসেবেও দেখতে রাজি নন কেম্পেস, ‘অন্তত আর্জেন্টিনা চারটি ফাইনালে উঠেছে, এতে খারাপ কিছু তো নেই। আমি চাই এই প্রজন্মটাকেই যেন আমরা ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে রাখতে পারি। জিতেই ওদের সামনের দরজা দিয়ে অবসরে যাওয়া উচিত।’
অবসর ভেঙে আবারও ফেরার পথে মেসির প্রেরণা হতে পারেন স্বয়ং ম্যারাডোনা। ১৯৯০ বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হারের পর ঠিক মেসির মতো করেই সাংবাদিকদের কাছে অবসরের ঘোষণা দিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু ১৯৯৩ সালে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ বাছাইপর্বে খাবি খাচ্ছিল, খেলতে হলো প্লে-অফে, ফিরে আসেন আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’। মাঝে অবশ্য কোকেন নেওয়ার দায়ে ১৫ মাস নিষিদ্ধও ছিলেন।
আর্জেন্টাইনদের চাওয়া, শুধু কোকেনের অংশটুকু বাদ দিয়ে, মেসি এখানেও ম্যারাডোনাকে অনুসরণ করুন। ফক্স স্পোর্টস, স্কাই স্পোর্টস।