লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো...এরপর? পরশু জানা গেল ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে তৃতীয়জন জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এ বছর আসলে কী করেছেন তাঁরা? পেছন ফিরে দেখে নেওয়া যাক—

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোকে বছরটা দুই হাত ভরেই দিয়েছে। ব্যক্তিগত প্রাপ্তি তো ছিলই, দলীয় অর্জনের জন্যও রোনালদো অনেক দিন মনে রাখবেন বছরটা। সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয়ে দুই গোল করেছেন। কোপা ডেল রের ফাইনালে খেলতে না পারলেও টুর্নামেন্টে তিন গোল। তবে রোনালদোর জন্য ২০১৪ হিরণ্ময় হয়ে থাকবে লা ডেসিমার জন্য।
২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল করে ভেঙে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ৩১ গোল নিয়ে লা লিগায়ও সবচেয়ে বেশি গোল রোনালদোর, সুয়ারেজের সঙ্গে যৌথভাবে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। বিশ্বকাপে নিষ্প্রভ থাকাই শুধু বছর শেষে অতৃপ্তি হয়ে থাকতে পারে। তবে এর পরও পুরস্কারটা আবার সি আর সেভেনের হাতেই উঠবে, সাধারণ ধারণা এমনই।
লিওনেল মেসি

লিওনেল মেসি হয়তো আফসোস করছেন বছর শেষে, ইশ্! শুরুটা যদি শেষের মতো হতো। বার্সেলোনার হয়ে গত মৌসুমটা নিষ্ফলাই কেটেছে, বড় কোনো শিরোপাও জিততে পারেননি। সেই আক্ষেপ ঘুচিয়ে ফেলার সুযোগ এসেছিল বিশ্বকাপে। আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন, শেষ পর্যন্ত জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বটে, তবে মেসিই জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
বছরের শেষ দিকে দারুণ কিছু কীর্তিতে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তেলমো জারাকে ছাড়িয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, রাউলকে টপকে হয়েছেন চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা। তবে এসব কীর্তি ২১ নভেম্বরের পর, ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সময় ওই এদিনই পেরিয়ে গেছে। তবে মুকুটটা পুনরুদ্ধার করতে পারবেন কিনা মেসি, জানা যাবে ১২ জানুয়ারি।

ম্যানুয়েল নয়্যার
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় একজন গোলরক্ষক! ব্যাপারটা অবাক করার মতোই। এর আগে একজন মাত্র গোলরক্ষক এই পুরস্কার জিতেছেন—রাশিয়ার লেভ ইয়াসিন। সেটিও সেই ১৯৬৩ সালে। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ইয়াসিন ছাড়া মাত্র চারজন গোলরক্ষক ঠাঁই পেয়েছিলেন। চেক প্রজাতন্ত্রের ইভো ভিক্টর, ইতালির দিনো জফ ও জিয়ানলুইজি বুফন, জার্মানির অলিভার কান।
মেসি-রোনালদোর মতো গোল করতে বা করাতে তো আর পারবেন না, তবে দলীয়ভাবে নয়্যারের বছরটা গেছে দুর্দান্তই। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছেন, জার্মানি বিশ্বকাপ জয়ে রেখেছেন অবদান। বিশ্বকাপে সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস উঠেছে তাঁরই হাতে, নয়্যারের সামনে এবার আরও বড় কিছুর হাতছানি।