
গোল করাটাকে ইদানীং এতই সাধারণ ব্যাপার বানিয়ে ফেলেছেন যে, ক্রিস্টিয়ানো রোনালদো কোনো ম্যাচে গোল না পেলে মনে হয় কিছু গড়বড় আছে। কেন গোল পেলেন না সেই প্রশ্নও ওঠে! রায়ো ভায়েকানোর বিপক্ষে পরশু রাতের ম্যাচটায় অবশ্য রোনালদো যথারীতি একটা গোল করেছেন। রিয়াল মাদ্রিদও জিতেছে ৫-১ গোলে। কিন্তু ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি তবু প্রশ্নের মুখে—আগের ম্যাচটায় যে রোনালদো গোল পাননি, এটা কি চিন্তার বিষয়?
আগের ম্যাচ মানে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ফিরতি লেগ। ক্লাবের জার্সি গায়ে টানা ১২ ম্যাচ গোল করার পর ওই একটা ম্যাচেই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি রোনালদো। তাতেই প্রশ্ন! জবাবটা যেন তৈরিই ছিল আনচেলত্তির, ‘চিন্তার বিষয় হবে কেন? ও তো দলেরই একজন, আর দলটা তো দারুণ খেলছে। রোনালদো নিজেও এত অসাধারণ খেলছে যে একটা ম্যাচে তার গোল না পাওয়া কোনো সমস্যাই নয়।’
সেপ্টেম্বরের মাঝামাঝি মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে টানা ১৩ ম্যাচ জিতল রিয়াল। ১৯৬০-৬১ মৌসুমে মিগুয়েল মুনোজের অধীনে এবং ২০১১-১২ মৌসুমে হোসে মরিনহোর অধীনে টানা ১৫টি করে ম্যাচ জিতেছিল রিয়াল। পরের দুটি ম্যাচ জিতলেই একটানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার ওই ক্লাব রেকর্ড ছুঁয়ে ফেলবে আনচেলত্তির দল। দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর পাশাপাশি পরশু গোল পেয়েছেন করিম বেনজামা, গ্যারেথ বেল, টনি ক্রুস ও সার্জিও রামোস। তবে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে ক্রুস ও রামোসের কাছে। ক্রুস পেলেন রিয়ালের জার্সি গায়ে প্রথম গোল আর রিয়ালের হয়ে রামোসের হলো ৫০তম গোল। দলের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি ক্রুসের কথাই বলেছেন আলাদা করে, ‘এই ম্যাচের সেরা খেলোয়াড় ছিল ক্রুস। আমি ওকে দেখে প্রতিনিয়ত বিস্মিত হচ্ছি। ও আক্রমণেও বেশ সাবলীল। আর সে যখন আক্রমণে যায়, মডরিচ নিচে নেমে থাকে। এতেই বোঝা যায় ওদের বোঝাপড়া কী দারুণ।’
আনচেলত্তির মতো এমন ফুরফুরে মেজাজে থাকতে পারছেন না বার্সেলোনা কোচ লুইস এনরিকে। যদিও পরশু আলমেরিয়ার বিপক্ষে তাঁর দল জিতেছে ২-১ গোলে, কিন্তু জয়টা যে ‘বার্সাসুলভ’ হয়নি। প্রথমার্ধে আলমেরিয়াই গোল করে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে নেইমার ও জর্ডি আলবার গোলে স্বস্তি ফেরে বার্সেলোনার। খেলোয়াড়দের পারফরম্যান্স মন ভরাতে পারেনি কোচের। তবে পুরো ৩ পয়েন্ট পাওয়ায় স্বস্তিতে তিনি, ‘ভালো একটা মৌসুম কাটানোর জন্য কখনো কখনো ভালো খেলার চেয়ে জয়টা বেশি গুরুত্বপূর্ণ।’ ১১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ২৫। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ।
ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য এখন পর্যন্ত এ রকম হাড্ডাহাড্ডি লড়াই নেই। বরং ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে চেলসি। এ মৌসুমে ম্যাচ না-হারা একমাত্র দল চেলসি। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। এবার চেলসি পারবে সেই রেকর্ড ছুঁতে? সম্ভাবনা খুব ক্ষীণ মনে করেন চেলসি কোচ হোসে মরিনহো, ‘আমাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া খুবই সম্ভব। কিন্তু আধুনিক ফুটবলে, বিশেষ করে প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া মনে হয় না সম্ভব। এটা ইংল্যান্ড, এখানে প্রতি ম্যাচেই আপনি পয়েন্ট হারাতে পারেন।’ এএফপি, রয়টার্স।