অপ্রতিরোধ্য জিদানের রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ সুপার কাপের ট্রফি নিয়ে বার্নাব্যুতে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস l এএফপি
স্প্যানিশ সুপার কাপের ট্রফি নিয়ে বার্নাব্যুতে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস l এএফপি

ম্যাচের বয়স তখন ৪ মিনিট। জিনেদিন জিদানের মুখে হাসি। মাত্রই ৩৫ গজ দূর থেকে অসাধারণ এক শটে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। তা জিদানের প্রতিক্রিয়া কী? ওই মুচকি হাসিটুকুই। অবিশ্বাস্য গোলটাতেও রিয়াল কোচের চোখেমুখে চমকের ছাপ নেই, শুধু ‘এটাই তো হওয়ার ছিল’ ভাব! 

হয়তো জিদান তখনই বুঝে গিয়েছিলেন, স্প্যানিশ সুপার কাপটাও তাঁর দলেরই হচ্ছে। হলোও। অ্যাসেনসিওর পর করিম বেনজেমার গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেল রিয়াল, জিতল ওই ব্যবধানেই। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে। আগামী রোববার লিগে তাঁদের প্রথম ম্যাচ, তার প্রস্তুতিটা দুটি শিরোপা দিয়েই হলো জিদানের দলের—উয়েফা সুপার কাপের পর স্প্যানিশ সুপার কাপ। নেহাত মন্দ নয়!

আর বার্সেলোনা? রোববার লিগের শুরুর ম্যাচটা পারলে হয়তো আরও কদিন পিছিয়েই দিতেন ক্লাবের নতুন কোচ আর্নেস্তো ভালভার্দে। তাঁর দল যে ছন্নছাড়া! সুপার কাপের প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে হারায় রিয়ালের মাঠে পরশু দুর্দান্ত প্রত্যাবর্তনের কোনো গল্পই লিখতে হতো বার্সেলোনাকে। কিন্তু তা আর হলো কই! শুধু হার বা গোলের ব্যবধানই নয়, হারের ধরনটাই পোড়াবে বার্সেলোনাকে। যেন বার্সেলোনার বিপক্ষে নয়, বার্সেলোনাকে নিয়ে খেলেছে রিয়াল।

পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। দলের ‘নাম্বার সেভেনে’র নিষেধাজ্ঞার প্রতিবাদে ম্যাচের সাত মিনিটে রুমাল উড়িয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকেরা। রোনালদো ছাড়াও জিদান পরশু খেলাননি ইসকো, বেল, কাসেমিরোদের। তারপরও বার্সা যেখানে নিজেদের খুঁজে ফিরেছে, রিয়াল খেলেছে ‘ওলে’ ফুটবল—কখনো গোমেসের মাথার ওপর দিয়ে ফ্লিক করে বল নিয়ে যাচ্ছেন মদরিচ, তো কয়েকজনকে কাটিয়ে আঁকাবাঁকা দৌড়াচ্ছেন কোভাচিচ। দ্বিতীয়ার্ধে মেসি ও সুয়ারেজের দুটি শট বার ও পোস্টে লেগে না ফিরলে বার্সা হয়তো সমতায় ফিরতে পারত। তবে ‘কী হলে কী হতে পারত’-এর হিসাবে গেলে রিয়ালের গোলও তো আরও ২-৩টি বেশি হওয়ার কথা!

জিদান
জিদান

এমনই অবস্থা, সব সময়ের বড় মুখ বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকেও বললেন, ‘নয় বছর বার্সেলোনায় আছি। এই প্রথম মনে হচ্ছে আমরা মাদ্রিদের চেয়ে পিছিয়ে।’ ওদিকে জিদান? তাঁর চোখ চায় আরও সাফল্যে, ‘যা ঘটছে, তা আমি উপভোগই করছি। সুপার কাপ দিয়ে একটা বৃত্ত শেষ হলো আমাদের। এখন আরেকটা বৃত্ত শুরু হচ্ছে, যেখানে খুব কঠিন চারটি ট্রফি জিততে বাকি।’

লিগ, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ কাপ, ক্লাব বিশ্বকাপ—ট্রফি-বুভুক্ষু জিদানের সবই চাই! দ্য গার্ডিয়ান, মার্কা।

টানা ৬৮ ম্যাচে

গত বছরের এপ্রিল থেকে শুরু করে টানা ৬৮ ম্যাচে গোল করল রিয়াল। টানা ম্যাচে গোল করার ইউরোপিয়ান রেকর্ড হয়ে গেছে গত মৌসুমেই (আগের রেকর্ড ছিল ৬২ ম্যাচ), বিশ্ব রেকর্ড থেকেও আর ছয় ম্যাচ দূরে রিয়াল। ৭৪ ম্যাচের যে রেকর্ডটি ব্রাজিল কিংবদন্তি পেলের সময়কার সান্তোসের। ওই ৭৪ ম্যাচে সান্তোস জিতেছিল ৫১টিতে। ছয় ম্যাচ কম খেলেই পরশু যা ছুঁয়ে ফেলেছে রিয়াল। তবে গোলে অনেক এগিয়ে সান্তোস। ওই ৭৪ ম্যাচে পেলেরা গোল করেছিলেন ২৪৫টি, ৬৮ ম্যাচে জিদানের রিয়ালের গোল ১৮৬টি।

জিনেদিন জিদান কোচ হওয়ার পর ১৯ মাসে এ নিয়ে ৭টি ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ। এ সময়ে ম্যাচও হেরেছে মাত্র ৭টি!

জিদানের রিয়াল ফাইনালে ওঠা মানেই জয় নিশ্চিত! ফ্রেঞ্চ কোচের সময়ে ৬টি টুর্নামেন্টের ফাইনালে উঠে শতভাগ জয় রিয়ালের—২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি উয়েফা সুপার কাপ, ১টি ক্লাব বিশ্বকাপ ও ১টি স্প্যানিশ সুপার কাপ।