অপ্রতিরোধ্য পর্তুগালের রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাত উঁচিয়ে ধরার ভঙ্গি দেখে মনে হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো যেন বলছেন, ‘চিন্তা কী? আমি তো আছি!’ বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের আস্থাও অবশ্য তিনিই। পরশু জোড়া গোল করে জিতিয়েছেনও দলকে l এএফপি
হাত উঁচিয়ে ধরার ভঙ্গি দেখে মনে হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো যেন বলছেন, ‘চিন্তা কী? আমি তো আছি!’ বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের আস্থাও অবশ্য তিনিই। পরশু জোড়া গোল করে জিতিয়েছেনও দলকে l এএফপি

‘আমার কটা গোল হয়েছে, আমি জানি। কিন্তু ওসব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জয়।’
কথাটা ক্রিস্টিয়ানো রোনালদোর, বলেছেন পরশু বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরিকে তাঁর দল ৩-০ গোলে হারানোর পর। যেখানে রোনালদোর নিজেরই দুটি গোল।
বললেন বটে, কিন্তু তাঁর দলের সবাই এতে একমত হবেন কি না, সন্দেহ আছে। পর্তুগালের জয়ের জন্য রোনালদোর গোল করাটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইদানীং। অন্তত বিশ্বকাপ বাছাইপর্বের ফল তা-ই বলছে। ইউরোপীয় অঞ্চলের ‘বি’ গ্রুপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে পর্তুগাল। রোনালদো খেলেছেন চারটিতে, সব কটি ম্যাচেই গোল করেছেন। ওই চারটিতেই জিতেছে পর্তুগাল। একটাই ম্যাচ হেরেছে পর্তুগাল, গত সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটায় রোনালদো খেলতে পারেননি।
দেশের জার্সিতে রোনালদোর মাঠে নামা আর গোল করা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন তো?
লা লিগায় এই মৌসুমে তাঁর নিজের ঠিক করে দেওয়া মানদণ্ড অনুযায়ী একটু সাদামাটা দেখাচ্ছে পর্তুগিজ উইঙ্গারকে। রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১৯ গোল, যেখানে মেসি ২৫ আর সুয়ারেজের ২১ গোল হয়ে গেছে। কিন্তু দেশের জার্সিতে সেই মন্দা বাতাস লাগতে দেননি। লিসবনে পরশু রাতেও রোনালদো ছিলেন দুর্দান্ত। যে কারণে ম্যাচটাও হয়ে গেল ‘রোনালদোময়’। ৩০ মিনিটে পোর্তো স্ট্রাইকার আন্দ্রে সিলভার গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৩৬ মিনিটে বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান ২-০ করেন রোনালদো। দুর্দান্ত এক ফ্রি-কিকে ম্যাচে তাঁর দ্বিতীয় ও পর্তুগালের তৃতীয় গোলটি ৬৫ মিনিটে।
বাছাইপর্বে এ নিয়ে ৪ ম্যাচেই ৯ গোল হয়ে গেল রোনালদোর। ইউরোপীয় অঞ্চল তো বটেই, সব মহাদেশ মিলিয়েই এখন বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা পর্তুগাল অধিনায়ক। অর্জন শুধু এটুকুই নয়। দেশের জার্সিতে এ নিয়ে ১৩৭ ম্যাচে ৭০ গোল। ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে দেশের হয়ে তাঁর চেয়ে বেশি গোল আছে শুধু দুই হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস (৮৯ ম্যাচে ৮৪ গোল) ও সান্দোর ককসিস (৬৮ ম্যাচে ৭৫ গোল) এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৩৭ ম্যাচে ৭১ গোল)। ইউরোপের সেরা হতে আর ১৫টি গোল দরকার ৩২ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গারের। এই ফর্মটা ধরে রাখলে অবসরের আগে সেই মুকুটটা রোনালদোর মাথাতেই উঠবে বলে ধরে নেওয়া যায়।
সব মহাদেশের ফুটবলারদের বিবেচনায় নিলে রোনালদো আপাতত ১২ নম্বরে। তবে তাঁর সামনে থাকা ১১ জনই অবসর নিয়েছেন। এখনো খেলছেন, এমন ফুটবলারদের মধ্যে তাই দেশের হয়ে সবচেয়ে বেশি গোল রোনালদোরই। তাঁর পরে যিনি, সেই লিওনেল মেসিও ৫৮ গোল নিয়ে বেশ পেছনে।
কে জানে, এ কারণেই হয়তো রোনালদোর আরও নির্ভার হয়ে বলতে পারছেন, ‘কটা গোল হয়েছে, ওসব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু না!’ উয়েফা, এএফপি।