অপ্রতিরোধ্য বায়ার্ন, দুর্দান্ত লেভা
গত মৌসুমে বায়ার্ন শিরোপা জিতেছিল ১০ পয়েন্ট ব্যবধান রেখে। তার আগের মৌসুমে ১৯ পয়েন্ট ব্যবধানে, তারও আগের মৌসুমে ২৫ পয়েন্টে! এবার কত ব্যবধানে বুন্দেসলিগার শিরোপা জিতবে বায়ার্ন মিউনিখ?
মৌসুমের সবে শুরু। মাত্র ৮টি করে ম্যাচ হওয়ার পর এই প্রশ্নটা কারও কারও কাছে হয়তো বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু এমন প্রশ্নকেও যে খুব স্বাভাবিক বানিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ! বুন্দেসলিগায় সবচেয়ে বেশি ২৫ বারের চ্যাম্পিয়ন, সর্বশেষে ১১ মৌসুমে ৭ বার। অন্য প্রতিপক্ষের সঙ্গে বায়ার্নের ব্যবধান বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট—বুন্দেসলিগায় দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জিতেছে ন্যুরেনবার্গ, সেটি মাত্র ৯ বার! লা লিগাকে কেউ কেউ বলেন ‘দুই ঘোড়ার দৌড়’। কিন্তু সর্বশেষ তিন মৌসুমে বায়ার্ন এমন আধিপত্য দেখিয়ে শিরোপা জিতেছে যে, বুন্দেসলিগাকে এখন ‘এক ঘোড়ার দৌড়’ বললে একটুও ভুল হবে না।
বাভারিয়ানদের অবিশ্বাস্য আধিপত্যের আরও একটা প্রমাণ, পরশু আলিয়াঞ্জ অ্যারেনায় বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটি। বুন্দেসলিগায় সর্বশেষ তিনবারের মধ্যে দুবারের রানার্সআপ ডর্টমুন্ড, দুই মৌসুম আগেই খেলেছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সেই ম্যাচটাকেও বায়ার্ন প্রায় ছেলেখেলা বানিয়ে জিতেছে ৫-১ গোলে!
ডর্টমুন্ডেরই যেখানে এই অবস্থা, সেখানে অন্য কোনো প্রতিপক্ষ পেপ গার্দিওলার দলের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে, আপাতত তা অবাস্তবই মনে হচ্ছে। ৮ ম্যাচ শেষেই তাই দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের চেয়ে বায়ার্ন ৭ পয়েন্টে এগিয়ে। এই ৮ ম্যাচেই গার্দিওলার দল গোল দিয়েছে ২৮টি, খেয়েছে মাত্র ৪টি। লিগের এক-চতুর্থাংশ যাওয়ার আগেই অনেকে তাই শিরোপা দিয়ে দিতে চাইছেন পেপ গার্দিওলার দলকে! পরশু ম্যাচ হারার পর ডর্টমুন্ড কোচ টমাস টুখেলকে জিজ্ঞেস করা হয়েছিল, বায়ার্নকে আটকাতে পারে, এমন দল কি আদৌ আছে বুন্দেসলিগায়? তিনি বলে দিয়েছেন, ‘মোটেও না। ওরা অতিরিক্ত ভালো খেলছে।’
এই ‘অতিরিক্ত ভালো’ খেলার রহস্য খুঁজতে গেলে অনেকে অনেক কারণ বলবেন। তবে সাম্প্রতিককালে বায়ার্নকে এমন অপ্রতিরোধ্য রূপের পেছনে রবার্ট লেভানডফস্কির ফর্মের যে একটা ভূমিকা আছে, সেটা বোধ হয় সব উত্তরেই ‘কমন’ থাকবে। পরশু ডর্টমুন্ডের বিপক্ষে জয়েও পোলিশ স্ট্রাইকারের দুটি গোল। এর আগে ডায়নামো জাগরেবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক, বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে দুই গোল, ভলফ্সবুর্গের বিপক্ষে ৫ গোল! সব মিলিয়ে সর্বশেষ চার ম্যাচেই ১২ গোল।
এ মৌসুমেও বুন্দেসলিগায় মাত্র ৭ ম্যাচেই ১২ গোল হয়ে গেছে লেভার। সর্বশেষ কয়েক মৌসুমে ইউরোপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইটা শুধু ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার দুই মহারথীর আধিপত্য ভেঙে দিয়ে এখন পর্যন্ত লেভার রাজত্ব। ইউরোপের বড় লিগগুলোতে গোলসংখ্যায় বায়ার্ন স্ট্রাইকারের ধারেকাছে কেউ নেই। লা লিগায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করিম বেনজেমার, ৬টি। সিরি ‘আ’তে সিতাদিন ইদারেরও ৬টি, প্রিমিয়ার লিগে জ্যামি ভার্ডির ৭টি।
এই ফর্ম মৌসুমের শেষ পর্যন্ত থাকলে বায়ার্ন যেমন জার্মানি ছাড়িয়ে ইউরোপেও শ্রেষ্ঠত্ব ফিরে পেতে পারে, লেভাও কিন্তু শেষ করে দিতে পারেন মেসি-রোনালদোর রাজত্ব। এএফপি।