অপ্রতিরোধ্য মেসি, দুর্দান্ত বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি আর ডেনিস সুয়ারেজের দুর্দান্ত জুটিতে এইবারকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ছবি: এএফপি।
মেসি আর ডেনিস সুয়ারেজের দুর্দান্ত জুটিতে এইবারকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ছবি: এএফপি।

মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখলেও লিওনেল মেসি কাল খেলেছেন এইবারের বিপক্ষে। হয়তো এই মৌসুমে শুরু থেকেই তাঁর যে দুর্দান্ত ফর্ম, সেটিতে ছন্দপতন চাননি আর্জেন্টাইন তারকা। ছন্দপতন হয়ওনি। মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিকটা পেয়েছেন তিনি। দলকে এনে দিয়েছেন ৬-১ গোলের দুর্দান্ত জয়।
মেসির খেলায় দর্শকেরা বারবার ফিরে গেছেন ২০০৮-০৯ মৌসুমে। সেই ক্ষুরধার মেসি, অপ্রতিরোধ্য বার্সা। পাসিংয়ে নিখুঁত, প্রতি-আক্রমণে দ্রুত আর ফিনিশিংয়ে নির্মম।
ছয়টি পরিবর্তন নিয়ে কাল দলকে মাঠে নামিয়েছিলেন এরনেস্তো ভেলভের্দে। বেঞ্চে বসেছিলেন লুইস সুয়ারেজ ও ইভান রাকিটিচ। চোটের কারণে তো মাস চারেকের জন্য খেলার বাইরে চলে গেছেন উসমান ডেম্বেলে। সে কারণেই মেসির সঙ্গী ছিলেন ডেনিস সুয়ারেজ ও জেরার্ড ডেলোফু। পাউলিনহো, সেমেদো, মাচেরানো ও দিনিয়েও ছিলেন শুরুর একাদশে।
শুরুটা দুর্দান্ত করেছিল এইবার। বার্সেলোনাকে কাঁপাতে চেয়েছিল। কাঁপিয়েওছিল। একা পেয়েও টের স্টেগানকে পরাভূত করতে পারেননি এইবার ফরোয়ার্ড সার্জি এনরিচ। ১০ মিনিটে আবারও এইবারের আক্রমণ, এবারে জাপানি অ্যাটাকিং মিডফিল্ডার ইনুই। সেই ইনুই, যাঁর গোলে গেল মৌসুমে ক্যাম্প ন্যুতে বার্সাকে প্রায় হারিয়ে দিচ্ছিল এইবার। তবে এবার তেমন সুবিধা করতে দেননি বার্সা-গোলকিপার।
২০ মিনিটে বার্সা ডিফেন্ডার নেলসন সেমেদোকে ফাউল করেন আলেহান্দ্রো গালভেজ। পেনাল্টি থেকে মৌসুমে নিজের ৬ নম্বর গোলটা পেয়ে যান মেসি। ৩৭ মিনিটে ডেনিস সুয়ারেজের ক্রস থেকে হেড করে গোল করেন পাউলিনহো। অথচ, এই পাউলিনহোর ওপরই কেন যেন ঠিক আস্থা রাখতে পারছিল না বার্সা-সমর্থকেরা। তবে পাউলিনহো কিন্তু বহুদিন পর বার্সার মধ্যমাঠে শারীরিকভাবে শক্তিশালী এক ফুটবলার।
দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে বিদ্যুৎগতির এক প্রতি-আক্রমণে এইবারের রক্ষণ ছিঁড়ে ফেলেন মেসি। তিন ডিফেন্ডার যখন মেসির শট আটকাতে ব্যস্ত, তখন গোলরক্ষকের ঠেকিয়ে দেওয়া বলে কাছের পোস্টে গোল করেছেন ডেনিস সুয়ারেজ। বাঁ প্রান্তে অনেকটাই অপ্রতিরোধ্য ছিলেন বার্সার এই তরুণ ফরোয়ার্ড।
চার মিনিট পর সফরকারীদের হয়ে এক গোল শোধ করেছিলেন এনরিচ। জুনকা রেনের ক্রস থেকে তাঁর ফিনিশিংটা ছিল দর্শনীয়। কিন্তু পাঁচ মিনিট পর আবারও মেসি-ঝলক। তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল ঠেলেছেন পোস্টের বাঁ প্রান্তে। হ্যাটট্রিক পূর্ণ করতে আর মাত্র ১২০ সেকেন্ড সময় নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। নিজেদের অর্ধে বল পেয়ে কাউন্টারে উঠেছেন দ্রুত। তারপর পাউলিনহোর সঙ্গে ওয়ান-টু করে দ্রুত শট নিয়েছেন। তিন ডিফেন্ডার আর গোলরক্ষক মিলেও শেষ রক্ষা হয়নি এইবারের।
তবে ভাগ্যকে দুষতেই পারেন পেনা। তাঁর শটে বল গোললাইনের হাওয়া গায়ে লাগিয়েও পোস্টে যায়নি। এক মিনিট পরই বদলি খেলোয়াড় অ্যালেক্স ভিদালের ক্রস থেকে নিজের চতুর্থ গোল করেন লিও মেসি। লিগে এই নিয়ে ৫ ম্যাচে ৯ গোল করেছেন মেসি, সব মিলিয়ে মৌসুমে ১৬ গোল। সূত্র: ইএসপিএন এফসি