অপ্রতিরোধ্য রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো মানেই যেন গোল l এএফপি
রোনালদো মানেই যেন গোল l এএফপি

কীভাবে যে সেই দিনগুলো কেটেছে, তা বোধ হয় একমাত্র রোনালদোই জানেন। অপেক্ষার প্রহর এমনিতেই দুঃসহ। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সেই ক্ষণ, প্রহর, দিন আরও দুঃসহ করে দিয়েছিলেন লিওনেল মেসি। এক, দুই, তিন এমনি করে চার বছর! টানা চারবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি আর দর্শক হয়ে সেটা দেখতে হয়েছে রোনালদোকে। অথচ ওই চার বছরে রোনালদো খারাপ খেলেছেন, এ কথা তাঁর ঘোর শত্রুও বলবে না। কিন্তু মেসি ছিলেন তাঁর চেয়েও উজ্জ্বল। চারবারের মধ্যে তিনবারই তাই ‘দ্বিতীয়’ হতে হয়েছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারকে। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ করে গত বছরের ব্যালন ডি’অর রোনালদোর হাতে। কতটা আরাধ্য ছিল সেই ট্রফিটা, সেটি বোঝা গেছে জুরিখে সেদিন পুরস্কার বিতরণীর রাতটাতেই। ব্যালন ডি’অরের ট্রফিটা হাতে নিয়ে আবেগে কেঁদে ফেলেছিলেন রোনালদো। অসহনীয় যাতনার সেই দিনগুলোই কি এবার নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে ফিরিয়ে দিতে যাচ্ছেন রোনালদো? এবার কি মেসির দর্শক হওয়ার পালা? রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অন্তত তেমনটাই মনে করেন। মেসির প্রসঙ্গ তিনি টানেননি। তবে গতবারের মতো এবারও রোনালদোই ব্যালন ডি’অর জিততে চলেছেন—এ নিয়ে কোনো সংশয় নেই রিয়াল কোচের মনে।
রিয়ালের হয়ে সর্বশেষ ৫ ম্যাচে রোনালদোকে তিনটি হ্যাটট্রিক করতে দেখে আনচেলত্তি বলেছেন, ‘রোনালদো যে এ বছরও ব্যালন ডি’অর জিততে চলেছে, এ নিয়ে বেশি সন্দেহ নেই। আমার তো মনে হয়, এটা নিয়ে কথা বলারও দরকার নেই।’ এ বছর ক্লাব ও দেশের হয়ে এ পর্যন্ত ৪২ ম্যাচে ৪৪ গোল হয়ে গেছে রোনালদোর। অন্যদিকে মেসির গোল ৪৯ ম্যাচে ৩৯টি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন, যদিও তা নিয়ে বিতর্ক হয়েছে। তবে শিরোপা জেতাতে না পারলেও দলকে ফাইনালে তোলায় তাঁর বড় অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই। অন্যদিকে বিশ্বকাপটা ভালো যায়নি রোনালদোর। তবে এক যুগ পর রিয়ালের লা ডেসিমা জয়ের অন্যতম নায়ক তিনি।
লা লিগায় সপ্তাহের শুরুতে বার্সেলোনা ও রিয়ালের ম্যাচ দুটির আগে মেসি ও রোনালদো দুজনকেই হাতছানি দিচ্ছিল দুটি রেকর্ড। রায়ো ভায়েকানোর সঙ্গে হ্যাটট্রিক করলেই মেসি ছুঁয়ে ফেলতেন ২৫১ গোল নিয়ে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তেলমো জারাকে। তিনি তা পারেননি। গোল করেছেন একটি। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে রোনালদো ঠিকই ছুঁয়েছেন লা লিগায় সর্বোচ্চ ২২টি করে হ্যাটট্রিকের মালিক আলফ্রেডো ডি স্টেফানো ও জারাকে।
মৌসুমের কেবল শুরু, এরই মধ্যে ১৭ গোল করে ফেলেছেন রোনালদোর। লিগে রিয়ালের হয়ে একটি ম্যাচ না খেলেও ৬ ম্যাচে ১৩ গোল। ক্লাবের হয়ে টানা ৮ ম্যাচে গোল, ১৫ দিনের মধ্যে তিনটি হ্যাটট্রিক। এই গতিতে ছুটতে থাকলে ২০১১-১২ মৌসুমে মেসির গড়া লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের (৫০টি) রেকর্ডটাও মোটেই নিরাপদ নয়। রয়টার্স, এএফপি।

কীর্তিমান
লা লিগায় মৌসুমের প্রথম ৭ ম্যাচে তিনটি হ্যাটট্রিক করা দ্বিতীয় খেলোয়াড় রোনালদো। ১৯৪৩-৪৪ মৌসুমে প্রথম এই কীর্তি গড়েছিলেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড মারিয়ানো মার্টিন।

রিয়াল মাদ্রিদের পক্ষে রোনালদোর আগে কেউ লা লিগায় প্রথম ৭ ম্যাচে ১২ বা এর চেয়ে বেশি গোল করতে পারেননি। সব মিলিয়ে লা লিগার ইতিহাসে ৬ জন এটি করেছেন, রোনালদোর আগে সর্বশেষ এমন গোল-উৎসব করেছিলেন স্পোর্টিং গিজনের স্প্যানিশ স্ট্রাইকার এনরিকে গঞ্জালেস, ১৯৭৯ সালে।

লিগে ১৭১ ম্যাচে ১৯০ গোল হয়ে গেছে রোনালদোর। লা লিগায় সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ডটা (তেলমো জারা, ২২০ ম্যাচে) নিশ্চিতই ভেঙে দিতে যাচ্ছেন তিনি।