অপ্রতিরোধ্য লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদিও মানে মেলে ধরলেন নিজেকে। ছবি: এএফপি
সাদিও মানে মেলে ধরলেন নিজেকে। ছবি: এএফপি
  • লিভারপুল জিতেছে ৫-০ গোলে।
  • সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানের হ্যাটট্রিক।
  • কোয়ার্টার ফাইনালে পা বাড়িয়েই রাখল লিভারপুল।
  • অপর দুটি গোল মো সালাহ ও ফিরমিনহোর।

বেশির ভাগ সময়ই তাঁকে থাকতে হয় ফিরমিনহো আর মোহাম্মদ সালাহর ছায়া হয়ে। তা তো হবেই, ফিরমিনহো আর সালাহ আধিপত্যটা আদায় করে নিয়েছেন নিজেদের পারফরম্যান্স দিয়েই। কিন্তু ভ্যালেন্টাইনস ডের রাতে সাদিও মানে যেন সেই ছায়া থেকে নিজেকে বের করে আনার প্রতিজ্ঞা করেই মাঠে নেমেছিলেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে পোর্তোকে নখদন্তহীন বানিয়ে ছেড়েছে মানের এক হ্যাটট্রিক। ৫-০ গোলে জিতে লিভারপুল প্রায় নিশ্চিত করে ফেলেছে কোয়ার্টার ফাইনাল।

এবারের চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে লিভারপুলের গোলসংখ্যা ২৩। দ্বিতীয় পর্বেও সেই ফর্ম ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা ধরে রাখলেন দারুণ পারফরম্যান্সেই। এই মৌসুমে এখন পর্যন্ত লিভারপুলের কাছ থেকেই সবচেয়ে বেশি গোল উপহার পেয়েছে দর্শকেরা।

পুরো ম্যাচেই লিভারপুলের আধিপত্য ছিল। পোর্তোকে মনে হচ্ছিল ‘উপায়হীন’। অবশ্য প্রথম গোলটি পেতে লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট। ২৫তম মিনিটে জর্জিনিয়ো ভিনালডামের পাস থেকে মানের তীব্র গতির শটটি পোর্তোর গোলরক্ষক ঠিকমতো ফেরাতে না পারায় তা গোললাইন পেরিয়ে যায়।

২৯ মিনিটে গোল পান মোহাম্মদ সালাহ। জেমস মিলনারের শট পোস্টে লেগে ফেরত এলে ফিরতি বলে গোল করেন মিসরীয় তারকা। এটি এবারের আসরে তাঁর ছয় নম্বর গোল।

স্কোরলাইন ৩-০ হয় দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে। এখানেও পোর্তোর গোলরক্ষকের বড় দায় আছে। একটি প্রতি–আক্রমণে সালাহর পাস থেকে দূর থেকে শট নেন ফিরমিনহো। কিন্তু এবারও গোলরক্ষক ঠিকমতো ফেরাতে পারেননি। ফিরতি বলে গোল করেন মানে।

৭০ মিনিটে মিলনারের পাস থেকে গোল করেন ফিরমিনহো। ৮৫ মিনিটে ড্যানি ইঙ্গসের সঙ্গে ওয়ান টু খেলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মানে।

এমন দুর্দান্ত পারফরম্যান্সে খুশি না হয়ে পারেন না কোনো কোচই। ক্লপও দারুণ উচ্ছ্বসিত। ম্যাচে শেষে নিজের দলের পারফরম্যান্সকে ‘পেশাদার’ বলেছেন এই জার্মান কোচ, ‘একেবারে ঠিক সময়ে আমরা খুব পেশাদার ও পরিণত ফুটবল খেললাম। আগ্রাসনও ছিল খেলার মধ্যে। রক্ষণভাগ ভালো করেছে, প্রতি–আক্রমণও হয়েছে। সবচেয়ে বড় কথা, বল দখলে রাখতে পেরেছি বেশির ভাগ সময়। সাধারণ এমন ফুটবল খেলা মোটেও সহজ কিছু নয়।’