
এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে কোনো দলের ডাগআউটে দাঁড়িয়েছেন অ্যান্ড্রু ওর্ড। বাংলাদেশের ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ ডাগআউটে দাঁড়িয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইপর্বে ভবিষ্যৎ জাতীয় দলের খেলা দেখেছেন। আসলে তো দেখেছেন বাংলাদেশের ফুটবলের রুগ্ণ চিত্র।
ফিলিস্তিনের মাটিতে পরশু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নিয়ে নিজের প্রথম টুর্নামেন্ট শেষ করে আজ ঢাকায় ফিরছেন। তার আগে এই সফর নিয়ে তাঁর উপলব্ধিটা জানিয়েছেন বাফুফেকে পাঠানো ই-মেইল বার্তায়, ‘দুঃখজনক হলেও সত্য, আমাকে বলতেই হচ্ছে, এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার কাছাকাছি অবস্থানেও নেই বাংলাদেশ।’ এএফসির এই টুর্নামেন্টে ৩ ম্যাচে ১৩ গোল খাওয়া বাংলাদেশ তাঁর বক্তব্যকে যথার্থ বলেই তুলে ধরে।
জর্ডানের কাছে প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়ে যাওয়া ওর্ডের চোখে, ‘মানসিক হার।’ দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের কাছে ৩-১ গোলে হারলেও বাংলাদেশ এক শ ভাগ দিয়েছে বলে মনে করেন কোচ। তবে এটিকে যথেষ্ট বলতে পারছেন না, ‘শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি তৈরি না থাকায় ওই এক শ ভাগও আমাদের জন্য পর্যাপ্ত ছিল না।’ তৃতীয় ম্যাচে পরশু ফিলিস্তিনের কাছে ৩-০ গোলে হারেও উন্নতি দেখছেন ওর্ড। তবে এই ম্যাচে দুটি সেট পিস গোল খেয়েছে তাঁর দল, যে সেট পিস নিয়ে অনুশীলনে অনেক কাজ করেও শেষ রক্ষা না হওয়ার আক্ষেপ আছে তাঁর।
এই প্রতিযোগিতায় পরিষ্কার বোঝা গেছে, হেমন্ত-সোহেল রানাদের দম ৪৫ মিনিটের বেশি নয়। ওর্ড বলছেন, ‘আমি প্রথম ওদের ফিটনেস দেখে অবাক হয়েছিলাম।’ মনে করিয়ে দিয়েছেন, ‘ফিটনেসের ব্যাপারটা দেখা ফেডারেশনের কাজ নয়।’ সত্য হলো, খেলা না থাকলে ফুটবলাররা ফিটনেস নিয়ে কোনো কাজই করেন না।
বাংলাদেশে এসেই ফিটনেস নিয়ে কাজ করতে হয়েছে তাঁকে যেটি তাঁর কাজ নয় বলে আক্ষেপ করেছেন ওর্ড, ‘আমার কাজ ট্যাকটিক্যাল দিকটা দেখা। অথচ আমাকে ফিটনেস এবং ৯০ মিনিট খেলা নিয়েই বেশি ভাবতে হয়েছে।’ বাংলাদেশের ফুটবলারদের ফিটনেসের দুরবস্থা নিয়ে একটা উদাহরণও দিয়েছেন, ‘আমাদের একজন গোলরক্ষক আছে, যার কিনা ম্যাচের সময় পায়ের পেশিতে টান লেগেছে। এমনটা আমি কখনো দেখিনি।’ ওর্ড এমন কথাও বলেছেন, ‘এ দেশের ফুটবলারদের সাধারণ ফুটবল স্কিলও নেই, ভালো দলের সঙ্গে খেলতে নামলে সেটা নিষ্ঠুরভাবে প্রকাশ পায়।’
এ দেশের ফুটবলাররা সহজেই মানসিকভাবে ভেঙে পড়েন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে এমনটাই মনে হয়েছে নতুন কোচের, ‘খেলোয়াড়েরা মাঠে নামার আগেই হেরে যায়।’ ফিলিস্তিনে বাংলাদেশ খুব সহজেই গোল করতে দিয়েছে প্রতিপক্ষকে। সেসব গোল দেখে ব্যথিত কোচ, ‘এই স্তরের ফুটবলে এমন গোল খাওয়া উচিত নয়।’
অবস্থা যখন শোচনীয়, করণীয় কী? এক বাক্যে ৩৮ বছর পেরোনো কোচের সুপারিশ, ‘সবাইকে এ থেকে শিক্ষা নিতে হবে।’ ঘুরে দাঁড়ানোর জন্য জানা পথে হাঁটার তাগিদও দিয়েছেন, ‘দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নিয়ে দ্রুত যুব ফুটবল উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে হবে। এ ছাড়া সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই।’ অল্প কদিনেই ওর্ড জেনে গেছেন, বয়সভিত্তিক ফুটবলারদের নিয়ে কোনো কাজ করে না বাংলাদেশের ক্লাবগুলো। যে কারণে আজকের এই রুগ্ণ দশা। ক্লাবগুলোর আরও দায়িত্ব নেওয়াটাকেও জরুরি বলে মনে করছেন ওর্ড।
বর্তমানে খেলোয়াড়দের সংখ্যা এত কম যে, মানসম্মত ফুটবলার পাওয়া কঠিন। এই বাস্তব উপলব্ধিও হয়েছে ওর্ডের, ‘আমাদের হাতে এমন কোনো ফুটবলার নেই যে কিনা আন্তর্জাতিক ম্যাচে পার্থক্য গড়তে পারে।’ ওর্ডের কথা শুনতে খারাপ লাগতে পারে ক্লাব ও বাফুফের কর্মকর্তাদের। কিন্তু এটাই বাস্তবতা।