অফসাইড থাকবে না ফুটবলে, এ-ও হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলে অফসাইড না রাখার পক্ষে ফন বাস্তেন! ফাইল ছবি
ফুটবলে অফসাইড না রাখার পক্ষে ফন বাস্তেন! ফাইল ছবি

বিস্ময়কর প্রস্তাবটা দিয়েছিলেন মার্কো ফন বাস্তেন। বর্তমানে ফিফার টেকনিক্যাল ডেভেলপমেন্টের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করছেন ডাচ কিংবদন্তি। দায়িত্বের অংশ হিসেবেই কদিন আগে ফুটবলে কিছু নিয়ম বদলের কথা বলেছিলেন। তাতেই বেঁধেছে ঝামেলা। অন্য সব নিয়ম নিয়েও পক্ষে-বিপক্ষে কথা হচ্ছে, তবে ফন বাস্তেনের ‘অফসাইড না রাখার’ প্রস্তাবটি নিয়ে বিশ্বজুড়ে হচ্ছে হাসাহাসি, সমালোচনা। তবে সাবেক ডাচ ফরোয়ার্ড এসব সমালোচনা গায়ে মাখছেন না। বরং ব্যাপারটাকে দেখছেন মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে। 

ভটেবল ইন্টারন্যাশনালকে ফন বাস্তেন বলেছেন, ‘এটা নিয়ে মিডিয়ায় অনেক আজেবাজে কথা দেখেছি।’ নিজের প্রস্তাবিত পরামর্শগুলোও আরেকবার পরিষ্কার করেছেন, ‘কিছু কিছু ব্যাপার নিয়ে আমরা কাজ করছি, যেমন ম্যাচের শেষদিকে সময় নষ্ট করার ব্যাপারটির সমাধান, রেফারিদের সিদ্ধান্তের প্রতিবাদ, অতিরিক্ত সময়ে চতুর্থ বদলি খেলোয়াড় নামানো, ভিডিও রেফারিদের নিয়ে সফল পরীক্ষা এবং বেঞ্চে ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন ল্যাপটপ ব্যবহারের অনুমতি। শেষ পর্যন্ত আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) সব সিদ্ধান্ত নেবে।’
অফসাইড না রাখার পরামর্শে অবশ্য এখনো অটল ফন বাস্তেন। সেটিকে শুধুই ব্যক্তিগত মত জানিয়ে বললেন, ‘কেউ একজন আমার ব্যক্তিগত মত জানতে চেয়েছিল। আমার মনে হয়, অফসাইড নিয়ে এখনকার বিরক্তিকর নিয়মটি না থাকাই ভালো। এ নিয়ে অনেক আলোচনা হলেও আমি কিছু মনে করব না, কারণ আমার উদ্দেশ্যই সেটি।’ ফোরফোরটু।