অফসাইডে পার পেল লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুল-আর্সেনাল ম্যাচের একটি দৃশ্য।  ছবি: রয়টার্স
লিভারপুল-আর্সেনাল ম্যাচের একটি দৃশ্য। ছবি: রয়টার্স

এবারের মৌসুমটা লিভারপুল শুরু করেছে দুর্দান্তভাবেই। টানা দুই ম্যাচে জয়, বড় স্বপ্ন দেখা শুরু হলো বলে অ্যানফিল্ডে। কিন্তু উত্তর লন্ডনের অবস্থাটা একটু অন্যরকম। লিগের প্রথম ম্যাচেই যে হেরে বসেছে আর্সেনাল। কাল এমিরেটস স্টেডিয়ামে এই দুই দলের মুখোমুখি লড়াই শেষ হয়েছে গোলশূন্যভাবেই। পুরো ম্যাচে লড়াইয়ের তীব্রতা ছিল। আক্রমণ-পাল্টা আক্রমণে তা আকর্ষণীয়ও ছিল। কিন্তু গোলের খরাটাই কেবল কাটেনি।
‘গোলের খরা কাটা’র একটা সম্ভাবনা অবশ্য দেখা দিয়েছিল। কিন্তু ​খরাটা কাটতে দেননি রেফারি। প্রথমার্ধে অ্যারন রামসের গোলটি তিনি কী বুঝে অফসাইড দিলেন, তা বোধগম্য ছিল না কারও কাছেই।
চোটের কারণে আর্সেনালের রক্ষণভাগের দুই মূল সেনানী কাল মাঠে নামেননি। লিভারপুলের আক্রমণের ধারাটা তাই ছিল একটু বেশিই। বারদুয়েক পোস্টেও বল লাগিয়েছে তারা। গোলবারে আর্সেনালের রক্ষাকবচ হয়ে পিওতর চেক তো ছিলেনই। দুর্দান্ত খেলেছেন চেলসি থেকে আসা এই চেক গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ছিল আর্সেনালের রাজত্ব। আলেক্সিজ সানচেজের একটি শট পোস্টে লেগেও প্রতিহত হয়। আর্সেনালের আক্রমণাত্মক ফুটবলের মধ্যেই লিভারপুল কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু তা থেকে লক্ষ্যভেদ হয়নি। মৌসুমের দ্বিতীয় এই হাই ভোল্টেজ ম্যাচে গোল ছাড়াই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এই ম্যাচের পর পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে আছে লিভারপুল। অন্যদিকে মাত্র চার পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে আর্সেন ওয়েঙ্গারের দল। সূত্র: রয়টার্স