
মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দল তাহলে অবনমনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে?
উত্তর শেষ পর্যন্ত যা-ই হোক, সাদা-কালো দলটির নামের সঙ্গে অবনমন শব্দটি উচ্চারিত হওয়াই তো বিব্রতকর। কিন্তু বাস্তবতা বড় নির্মম। লিগে দলটির দুরবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে কিছু সমীকরণ মিলে গেলে মোহামেডান অবনমিত হয়েও যেতে পারে এই প্রথম!
তাদের অবনমনশঙ্কা অনেকটা দূর হয়ে যেত গতকাল শেখ জামালের সঙ্গে জিতলে। কিন্তু এগিয়ে গিয়েও তারা জয় তুলতে পারেনি গোল খেয়ে শেষ পর্যন্ত ১-১ ড্র করায়। ১৯ মিনিটে ইসমাইল বাঙ্গুরার সাজিয়ে দেওয়া বল গড়ানো শটে জালে পাঠান সবুজ। কিন্তু ৬ মিনিট পরই ১-১। দারুণ এক ফ্রি-কিকে শেখ জামালকে ম্যাচে ফেরান ল্যান্ডিং। এরপর চেষ্টা করেও আর গোল পায়নি মোহামেডান। প্রথম পর্বে শেখ জামালকে তারা হারিয়েছিল, ফিরতি পর্বে ১ পয়েন্ট।
২১ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৯। ২৯ ডিসেম্বর শেষ ম্যাচে উত্তর বারিধারার কাছে মোহামেডান হারলে এবং ফেনী সকার তাদের শেষ দুটি ম্যাচে বিজেএমসি ও মুক্তিযোদ্ধার সঙ্গে জিতলে অবনমিত দলটার নাম হবে মোহামেডান!
বারিধারা এখন ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডানের নিচে আছে। বারিধারার ২১তম ম্যাচটি আজ শিরোপার সুবাস পাওয়া ঢাকা আবাহনীর সঙ্গে। কোনোভাবে অঘটন ঘটিয়ে ম্যাচটা যদি বারিধারা জিতে যায়, তাহলে শেষ ম্যাচে মোহামেডানের সঙ্গে ড্র করলেও চলবে বারিধারার। সব মিলিয়ে সকার, বারিধারা আর মোহামেডান—এই তিন দলের কারা অবনমিত হয় সেটিই এখন লিগে সবচেয়ে বড় কৌতূহল।
শেখ রাসেলের হার: বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আরামবাগের কাছে এক গোলে হেরে গেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। দ্বিতীয় পর্বে এটি তাদের প্রথম হার। দুই দলের কারোরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বা অবনমিত হওয়ার শঙ্কা না থাকায় ম্যাচটির আবেদন তেমন ছিল না। এমন নির্ভার ম্যাচেই ৬৯ মিনিটে একমাত্র গোলটি করে আরামবাগের নায়ক হয়ে যান সাজিদ। লিগে এটি তাঁর অষ্টম গোল। স্থানীয় ফুটবলারদের মধ্যে গোল করার দিক থেকে সাজিদই সবার ওপরে।
শেখ রাসেল অবশ্য গোলটা পেতে পারত ১৮ মিনিটে। পেনাল্টি অর্থাৎ স্পট কিক আকাশে তুলে দেন জামাল ভূঁইয়া। দিনটাই আসলে শেখ রাসেলের ছিল না।