
সেই ২০০৫ সালে সর্বশেষ গোল পেয়েছিলেন। ওয়েইন রুনি তখন ২০ বছরের উঠতি এক স্ট্রাইকার। এরপর ১০ বছর কেটে গেছে, অ্যানফিল্ডে আর গোল পাননি। সেই খরাটা ঘুচল। রুনির গোলেই কাল লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, উঠে এসেছে ইংলিশ লিগের পয়েন্ট তালিকার পাঁচে। এ নিয়ে টানা চার ম্যাচে গোল পেলেন রুনি। প্রিমিয়ার লিগে তাঁর গোলসংখ্যা এখন ১৭৬, কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোল এখন ইউনাইটেড স্ট্রাইকারের।
একই রাতে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে উচ্ছ্বাসে ভাসিয়েছে ‘বিবিসি’ ত্রয়ী। ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজেমা করেছেন দুটি করে গোল, সঙ্গে গ্যারেথ বেলের আরও এক গোল মিলিয়ে স্পোর্টিং গিজনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোরা। স্টার স্পোর্টস।
জিনেদিন জিদান দায়িত্ব নেওয়ার পর রিয়াল যেন নতুন করেই শুরু করেছে। দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে রিয়াল ডাগ আউটে জিদানের অভিষেক হয়েছিল। কাল গিজনের জালে রিয়াল ৪ গোল দিয়ে দিয়েছিল ম্যাচের ১৮ মিনিটেই।
৭ মিনিটে টনি ক্রুসের পাস থেকে গ্যারেথ বেলের হেড দিয়ে শুরু। ২ মিনিট পরেই বেনজেমার পাস থেকে গোল পেলেন রোনালদো। ‘বিবিসি’র আরেকজন বেনজেমাও বা বাদ যাবেন কেন? ১২ মিনিটে বেলের ক্রস থেকে বেনজেমার প্রায় বাই সাইকেল কিকটিও জাল খুঁজে পেল অনায়াসে।
প্রথমার্ধের ১৮ ও ৪১ মিনিটে রোনালদো ও বেনজেমা আরও দুটি গোল করে ব্যবধান ৫-০ করে ফেলেন। প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন বেল। এরপরই খেলায় ফেরে গিজন। ৬২ মিনিটে একটি গোলও ফিরিয়ে দেয় তারা।