অবশেষে আর্জেন্টিনা দলে তেভেজ

অপেক্ষার প্রহর তাহলে ফুরোচ্ছে কার্লোস তেভেজের? ২০১১ সালের জুলাইয়ে ঘরের মাঠে কোপা আমেরিকার কোয়ার্টারে ফাইনালে উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি মিস করলেন। এরপর ছিটকে পড়লেন দল থেকেই। আলেসান্দ্রো সাবেলার সুনজরে ছিলেন না। ফলে নীল-আকাশি জার্সিটা গায়ে তোলা হলো না অনেক দিন, খেলা হলো না বিশ্বকাপ। জেরার্ডো মার্টিনো দায়িত্ব নেওয়ার পরও ডাক না পাওয়ায় খেলতে পারেননি জার্মানি, ব্রাজিল ও হংকংয়ের বিপক্ষে ম্যাচ। অবশেষে দলে ডাক পেলেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড।
জুভদের জার্সিতে লিগে গত মৌসুমে তেভেজ করেছেন ১৯ গোল। এ মৌসুমেও নিয়মিত গোল পাচ্ছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। লিগে এখনো পর্যন্ত ৮ ম্যাচে করেছেন ৬ গোল। ক্লাব ফুটবলের পারফরম্যান্সই হয়তো মার্টিনোকে প্রভাবিত করেছে তেভেজকে দলে নিতে। অবশ্য কিছুদিন আগে আর্জেন্টিনা কোচ বলেছিলেন, ‘সময় হলেই তেভেজ দলে সুযোগ পাবে।’ সে ‘সময়’ তাহলে হলো?
আগামী ১২ নভেম্বর লন্ডনের ওয়েস্ট হাম ইউনাইটেডের মাঠ আপটন পার্কে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মার্টিনোর দল। এর ছয় দিন পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পর্তুগালের বিপক্ষে খেলবে দ্বিতীয় প্রীতি ম্যাচ। এই ওল্ড ট্রাফোর্ডেই দুই বছর (২০০৭-০৯) কাটিয়ে গেছেন তেভেজ। এএফপি ও রয়টার্স।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: রোমেরো (সাম্পদোরিয়া), গুসমান (তাইগ্রেস), কাবায়েরো (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: ডেমিচেলিস (ম্যানচেস্টার সিটি), ফার্নান্দেজ (সোয়ানসি সিটি), রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), জাবালেতা (ম্যানচেস্টার সিটি), গ্যারাই (জেনিথ সেন্ট পিটাসবুর্গ), অটামেন্ডি (ভ্যালেন্সিয়া), রন কাগলিয়া (জেনোয়া), ফাজিও (টটেনহাম), আনসালদি (অ্যাটলেটিকো মাদ্রিদ)
মিডফিল্ডার: ডি মারিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), বিগলিয়া (লাৎসিও), গাইতান (বেনফিকা), লামেলা (টটেনহ্যাম), মাচেরানো (বার্সেলোনা), পাস্তোরে (পিএসজি), পেরেইরা (জুভেন্টাস), পেরেজ (বেনফিকা), বেনেগা (সেভিয়া)
ফরোয়ার্ড: আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), হিগুয়েইন (নাপোলি), মেসি (বার্সেলোনা), তেভেজ (জুভেন্টাস)।