অবশেষে গোল রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন ম্যাচ গোল না পাওয়াকে আর যা-ই হোক, গোলখরা বলা যায় না। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটাই উদ্বেগের। সর্বশেষ সেই ২০১২ সালে পরপর তিনটি ম্যাচ গোলহীন গেছে রোনালদোর! পরশু শালকের মাঠে শালকের বিপক্ষে গোলটা তাঁকে তাই আনন্দের চেয়ে স্বস্তিই দিয়েছে বেশি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ২-০ গোলের জয়ে রিয়াল মাদ্রিদের দৃষ্টিসীমায় এখন কোয়ার্টার ফাইনাল। হেডে করা রোনালদোর গোলটির পর দুর্দান্ত এক শটে রিয়ালের জয় নিশ্চিত করেছেন মার্সেলো। এএফপি।
ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি অবশ্য দাবি করেছেন, রোনালদোর ফর্ম নিয়ে একদমই চিন্তিত ছিলেন না, ‘ও এক-দুই ম্যাচে গোল না করলে সেটা আমাদের জন্য কোনো সমস্যা নয়। আর ওর গোলটাও শুধু পরিসংখ্যান যা বলছে তার চেয়ে অনেক মূল্যবান। এটা আমাদের ম্যাচে এগিয়ে দিয়েছে।’ চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচ জিতে বায়ার্নের রেকর্ডও ছুঁয়ে ফেলেছে রিয়াল।
শেষ ষোলোর প্রথম লেগের আরেক ম্যাচে বাসেলের মাঠে গিয়ে পরশু ১-১ গোলে ড্র করেছে পোর্তো।