অবশেষে চেলসির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির বিপক্ষে গোল তো মহামূল্যবান! গোল করে তাই সতীর্থদের ভালোবাসার অত্যাচার সইতে হলো প্যাপিস সিসেকে (বাঁ থেকে দ্বিতীয়)!  l এএফপি
চেলসির বিপক্ষে গোল তো মহামূল্যবান! গোল করে তাই সতীর্থদের ভালোবাসার অত্যাচার সইতে হলো প্যাপিস সিসেকে (বাঁ থেকে দ্বিতীয়)! l এএফপি

পরাজয় কাকে বলে সেটা যেন ভুলেই গিয়েছিল চেলসি। সেই এপ্রিলের পর থেকে আর হারেনি হোসে মরিনহোর দল। অবশেষে ২৩ ম্যাচ পর পরাজয়ের তিক্ত স্বাদ পেল তারা, নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরে শেষ হয়ে গেছে এই মৌসুমে অপরাজিত থাকার গৌরবও। জোড়া গোল করে দলকে স্মরণীয় এক জয় উপহার দিয়েছেন বদলি নামা সেনেগালিজ স্ট্রাইকার প্যাপিস সিসে। লিগে মৌসুমের চতুর্থ হারের স্বাদ পেয়েছে আর্সেনালও। ব্রিটানিয়া স্টেডিয়ামে স্টোক সিটির বিপক্ষে বিরতির আগেই ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়া আর্সেন ওয়েঙ্গারের দল কাল শেষ পর্যন্ত হেরেছে ৩-২ গোলে।
সেন্ট জেমস পার্কে আসার আগেই হয়তো একটা অস্বস্তির কাঁটা বিঁধছিল মরিনহোকে। নিউক্যাসলের মাঠে এর আগে চারবার এসেছিলেন, একবারও ফিরতে পারেননি জয় নিয়ে (দুই ড্র ও দুই হার)। মাঠটা আরও একবার অপয়া প্রমাণিত হলো চেলসি কোচের জন্য।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন সিসে। গোল খাওয়ার পর সেটা শোধ করতে উঠেপড়ে লাগে চেলসি। কিন্তু ভাগ্য পক্ষে ছিল না, ৭৭ মিনিটে এডেন হ্যাজার্ডের শট ফিরে আসে পোস্টে লেগে। খানিক পরেই উল্টো এক গোল হজম করে বসে, এবারেরটা দারুণ এক প্রতি-আক্রমণ থেকে। গোলদাতা আবারও সেই সিসে। ৮১ মিনিটে শুরলেকে ফাউল করে স্টিভেন টেলর লাল কার্ড দেখলে ১০ জন হয়ে যায় নিউক্যাসল। একটু পরই সেস্ক ফ্যাব্রিগাসের ফ্রি-কিক থেকে হেড করে ব্যবধান কমান দিদিয়ের দ্রগবা। কিন্তু শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও সমতা আনতে পারেনি চেলসি। স্টার স্পোর্টস।