
মারাকানার ৮০ হাজার দর্শকের গ্যালারি বলতে গেলে প্রায় ঠাসা। মাঠে খেলছে জার্মানি-সুইডেন। স্বাগতিক ব্রাজিলের মেয়েরা নেই ফাইনালে, তারপরও গ্যালারি এভাবে কানায় কানায় ভরা! আসলে দর্শকদের অনেকেই ব্রাজিলকে ফাইনালে দেখার আশা থেকেই টিকিট কেটে রেখেছিলেন। তাঁদের সাক্ষী রেখে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে জার্মান মেয়েদের ফুটবলে প্রথমবারের মতো সোনা পেয়েছে। আর সাও পাওলোর ম্যাচে ব্রাজিল ব্রোঞ্জ জয়ের সান্ত্বনাও পায়নি, কানাডার কাছে হেরে গেছে ২-১ গোলে।
জার্মানির জন্য এটা শুধু একটা জয় ছিল না, কোচ সিলভিয়া নেইডকে বিদায়ী উপহারও দেওয়া হলো। দীর্ঘ ১১ বছর ধরে ডাগআউটে ছিলেন। এ সময়ে একবার বিশ্বকাপ জিতেছেন (২০০৭), দুবার পেয়েছেন ইউরোপিয়ান কাপ (২০০৯ ও ২০১৩), বেইজিং অলিম্পিকে একবার ব্রোঞ্জও পেয়েছেন। কিন্তু অলিম্পিকের সোনাটা অধরাই থেকে গিয়েছিল। দলের দায়িত্বে নিজের শেষ ম্যাচে সেই আক্ষেপ ঘুচল। ক্যারিয়ারের অন্য সব অর্জনের চেয়ে এটিকেই এগিয়ে রাখছেন নেইড, ‘অন্য সবকিছুর চেয়ে এটা আলাদা, জার্মানির মেয়েদের জন্য এটা অনেক বড় অর্জন। এত কষ্ট করার পর যখন আপনি লক্ষ্যে পৌঁছাবেন তখন আপনার কেমন লাগবে, সেটা আসলে বলে বোঝানোর নয়।’
৪৮ মিনিটে গোল করে জেনিফার মারোসান প্রথমে এগিয়ে দেন জার্মানিকে। ৬২ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দিয়েছেন সুইডেনের লিসা সেমব্রেন। ৫ মিনিট পর স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের গোলে সুইডেন ব্যবধান কমিয়েছে বটে, কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মানিই।
ব্রোঞ্জের লড়াইয়ে ব্রাজিলকে দুই অর্ধে দুই গোল দিয়ে গত অলিম্পিকের ব্রোঞ্জ ধরে রেখেছে কানাডা। ২৫ ও ৫২ মিনিটে গোল দুটি দিয়েছেন ডিন রোজ ও ক্রিস্টিয়ান সিনক্লেয়ার। ৭৯ মিনিটে বিয়াত্রিস ব্যবধান কমালেও শেষ পর্যন্ত শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। এএফপি।