অবশেষে জয়ের দেখা পেল ফুটবল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেবেইয়ের বিপক্ষে ম্যাচে জাতীয় ফুটবল দল। ছবি: বাফুফে
হেবেইয়ের বিপক্ষে ম্যাচে জাতীয় ফুটবল দল। ছবি: বাফুফে

ঢাকায় যখন তাঁর বিদায়ের আয়োজন চলছে, চীনের ইউনানে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন দলকে মাঠে নামানোর। আমন্ত্রণমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীনের ক্লাব হেবাইয়ের বিপক্ষে ম্যাচটিকে ধরা হচ্ছিল ইতালীয় কোচ ফাবিও লোপেজের ভাগ্য-নির্ধারণের ম্যাচ হিসেবে। ম্যাচে জাতীয় দল ১-০ গোলের জিতলেও নিজের চাকরিটা বাঁচাতে পারেননি তিনি। ম্যাচটি চলার সময়ই বাংলাদেশের কোচ হিসেবে তাঁর দুই মাসের সংক্ষিপ্ত চাকরির যবনিকা পড়ে যায়।
চীনের এই আমন্ত্রণমূলক প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে হেরেছে লোপেজের জাতীয় দল। প্রথম ম্যাচে মিয়ানমারের একটি ক্লাবের বিপক্ষে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে চীনের তৃতীয় স্তরের ক্লাব লিজিয়ানের কাছেও ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ জাতীয় দল। আজ হেবাইয়ের বিপক্ষে ম্যাচটি তাই যতটা না ছিল প্রতিযোগিতায় টিকে থাকার, তার চেয়েও বেশি ছিল জাতীয় দল হিসেবে নিজেদের সম্মান রক্ষার। ৩৯ মিনিটে তকলিচ আহমেদের গোলে এগিয়ে যাওয়া দল বাকিটা সময় ঘর সামলে তুলে নেয় প্রতীক্ষার এই জয়।
এই বছরের শুরুতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে সর্বশেষ জিতেছিল বাংলাদেশ। এর পর ১১টি আন্তর্জাতিক ম্যাচে জয়ের মুখ দেখেনি জাতীয় দল। এই ছয় ম্যাচের পাঁচটিতে বাংলাদেশের হজম করা মোট গোলের সংখ্যা ২০!
এমন একটা পরিস্থিতিতে হেবেইয়ের মতো অখ্যাত একটি দলের বিপক্ষে ১-০ গোলের জয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু না থাকলেও দীর্ঘ জয় খরা কাটিয়ে ওঠায় স্বস্তি খুঁজতেই পারেন ফুটবলপ্রেমীরা।