অবশেষে জয়ের হাসি মোহামেডানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানের তিন গোলদাতা অনিক-বিপলু-তকলিস এক ফ্রেমে। ছবি: শামসুল হক
মোহামেডানের তিন গোলদাতা অনিক-বিপলু-তকলিস এক ফ্রেমে। ছবি: শামসুল হক

হার, হার আর হার। ব্যর্থতার সাগরে হাবুডুবু খাচ্ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখল দেশের ঐতিহ্যবাহী ক্লাব। আজ ফরাশগঞ্জকে ৪-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্ট পেল সাদা-কালোরা। 

টানা তিন হারের পর জয়ের স্বাদ পাওয়া মোহামেডানের পারফরম্যান্সে উন্নতির ছাপ যেমন দেখা গেছে, তেমনি প্রতিপক্ষ ফরাশগঞ্জের দুর্বলতাও ফুটে উঠেছে ভালোভাবেই। বুড়িগঙ্গা পারের ক্লাবের রক্ষণভাগ যেন বালির বাঁধ! কোনো ডিফেন্ডার বল ট্যাকলে গেলে পেছনে ‘কাভারিং’ লাইন বলে কিছুই নেই। গোলমুখে ‘ম্যান মার্কিংয়ে’ও আছে বড় দুর্বলতা। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই। আর আক্রমণভাগ তো শুধু নামেই। সবকিছু মিলিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবাহনী লিমিটেডকে হারিয়ে চমক দেখানো ফরাশগঞ্জকে দেখে আজ মনে হবে পাড়ার কোনো দল!
ফরাশগঞ্জ প্রথম গোল হজম করেছে ম্যান মার্কিং না করতে পেরে। ১৯ মিনিটে ডান প্রান্ত থেকে অধিনায়ক ফয়সাল মাহমুদের এরিয়াল ক্রসে দূরের পোস্ট থেকে বাঁ পায়ের প্লেসিংয়ে গোলের খাতা খোলেন আনমার্কড বিপলু। পাঁচ মিনিট পরেই তকলিসের কল্যাণে ২-০। স্টপারব্যাক খালেকুজ্জামানকে গতিতে পেছনে ফেলে দূরের পোস্টে প্লেসিংয়ে গোল করেন তকলিস। দুই গোল হজম করে পাল্টা কিছু করে দেখানোর চেষ্টা ছিল পুরান ঢাকার দলটির। কিন্তু তা ছিল নিজেদের ঘর ঠিক না রেখেই!
ফরাশগঞ্জ তৃতীয় গোলটি হজম করেছে নিজেদের দুই স্টপারব্যাক ব্যাক মালিক মেন্ডি ও খালেকুজ্জামানের যৌথ ভুলে। ২৯ মিনিটে তাঁরা দুজন তালগোল পাকিয়ে বল তুলে দেন মোহামেডানের মিডফিল্ডার অনিকের পায়ে। বল কন্ট্রোল ও গতির সমন্বয়ে গোল এরিয়ায় প্রবেশ করে প্লেসিংয়ে গোল। ৬০ মিনিটে হালি পূরণ করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে।
চার গোলের মোহামেডান শুরু থেকেই ছিল জয়ের জন্য মরিয়া। দুই ম্যাচ পর ডাগআউটে ফিরে জয় দেখতে পেলেন কোচ নঈমুদ্দিনও। এই বড় জয়ে অধিনায়ক ফয়সাল মাহমুদের মুখে স্বাভাবিকভাবেই চওড়া হাসি, ‘প্রথম তিনটি ম্যাচে আমরা নিজেদের প্রমাণ করতে পারিনি। তাই আজ প্রথম থেকেই জিততে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’
ফয়সালের হাসিটা ছড়িয়ে পড়েছে বিপলু আহমেদ, তকলিস আহমেদ, অনিক হোসেন ও এনকোচা কিংসলের মুখেও। গোল পেয়েছেন মোহামেডানের এই চতুষ্টয়।