অবশেষে জয়ের হাসি রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার ম্যাচ পর দারুণ খেলেই জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স।
চার ম্যাচ পর দারুণ খেলেই জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স।

ঠিক এমন একটি ফেরাই চাইছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। যে ফেরায় প্রত্যয় থাকবে, থাকবে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার মানসিকতা। গতকাল শনিবার রাতে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটি রিয়াল খেলল ঠিক সেভাবেই। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর রিয়ালের মতো একটি দলের খেলোয়াড়দের যে পরিমাণ জেদ জমা থাকে, তার পুরোটাই গিয়ে পড়ল বেটিসের ওপর। ৬-১ গোলের জয়ে কোচ জিদানও যেন খুঁজে নিচ্ছেন তৃপ্তির ছোঁয়া।

নিজ দলের খেলোয়াড়দের প্রশংসায় ভরিয়ে জিদান যেন নিজের তৃপ্তিটা ছড়িয়ে দিতে চেয়েছেন তাঁদের মধ্যেও, ‘আমার দলের খেলোয়াড়েরা প্রতিভাবান ও পরিণত। অাজ তাঁরা সেভাবেই খেলাটা শুরু করেছে, যেভাবে শুরু করা উচিত। আমি আগেই বলেছি, যদি আমরা জয়ের প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে খেলাটা খেলতে পারি, তাহলে সেটি আমাদের প্রতিপক্ষের জন্য খুবই বিপদের কারণ হয়ে দাঁড়াবে।’

কাল রিয়ালের হয়ে মাঠে ছিলেন না অধিনায়ক সার্জিও রামোস। চোটের কারণেই বাইরে থাকতে হয়েছে তাঁকে। ছিলেন না লুকা মডরিচ, ক্যাসেমিরো ও হামেস রদ্রিগেজ। তবে গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়দের অনুপস্থিতিটা বুঝতে দেননি বাকিরা। ম্যাচের ৪ মিনিটেই রাফায়েল ভারানের গোলে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে করা ভারানের গোলটি রিয়ালকে আত্মবিশ্বাসী করে তোলে। ৩১ মিনিটে এই ক্রুসের বাড়ানো বলেই গোল করে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে নেন করিম বেনজেমা। ৩৯ মিনিটে রিয়াল পায় তৃতীয় গোল। এবার বেনজেমার শট বেটিসের এক ডিফেন্ডারের শরীরে লেগে ফিরলে ফিরতি বলে গোল করেন মার্সেলো। বিরতির ঠিক আগ দিয়ে রোনালদো ও পেপের পা ঘুরে বল পেয়ে রিয়ালকে ৪-০ গোলে এগিয়ে নেন ইসকো।

দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করে বেটিস। আলভেইরো সেজুদোর গোলে বেটিস সান্ত্বনা খুঁজে নিলেও রিয়ালের আক্রমণের তোড় কমাতে পারেনি। ৬২ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইসকো। ৭৮ মিনিটে রোনালদো পান কাঙ্ক্ষিত গোল। আলভেরো মোরাতার সঙ্গে পাস খেলে নিচু শটে করা পর্তুগিজ তারকার গোলটি ছিল দৃষ্টিনন্দন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান বেটিসের বিপক্ষে ম্যাচের প্রত্যয় পরের ম্যাচগুলোতেও ধরে রাখার কথা বলেছেন খেলোয়াড়দের, ‘এই ম্যাচটি আমরা দারুণ খেলেছি, এখন আমাদের এই পারফরম্যান্স ধরে রাখতে হবে।’ প্রতিপক্ষের মাঠে এমন পারফরম্যান্স বিশেষ তৃপ্তিই দিচ্ছে জিদানকে, ‘প্রতিপক্ষের মাঠে এমন পারফরম্যান্স কিন্তু মোটেও সহজ কিছু নয়। চার ম্যাচ ড্র করার পর এমন একটি পারফরম্যান্সের দরকার ছিল।’

সংবাদ সম্মেলনে জিদানের বক্তব্যে ছিলেন রোনালদোও। বলেছেন, রোনালদো নিজের উদ্দীপনাটা ছড়িয়ে দেন পুরো দলের মধ্যেই ‘রোনালদো গোল করেছে, এতে আমি খুবই খুশি। আমার মনে হয় না সে খুব চিন্তিত এসব ব্যাপার নিয়ে। সে সব সময়ই গোল করতে চায়, এবং এটিই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, রোনালদো নিজের আকাঙ্ক্ষা ও জয়ের তীব্র বাসনাটা গোটা দলের মধ্যেই ছড়িয়ে দিতে জানে।’ সূত্র: রয়টার্স।