অবশেষে ঠিকানা মিলছে 'হারানো জাদুকরের'

মাত্র আট-নয় বছর আগের ঘটনা। তাঁকে দলে ভেড়াতে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে দলবদল-যুদ্ধে নামতে তৈরি হয়ে ছিল ইউরোপের বড় বড় সব ক্লাব। সেই সব দিন গত হয়েছে, সেদিনের সেই রোনালদিনহোও এখন দূর অতীতের স্মৃতি। এখন তিনি ক্লাবই পান না। এখন যে তিনি নিজেকে হারিয়ে ফেলা এক জাদুকর। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সেতে যোগ দেওয়ার তিন মাসের মধ্যেই গত সেপ্টেম্বরে ক্লাব ছেড়েছিলেন রোনি। এরপর থেকেই তিনি ক্লাব ছাড়া, ‘ফ্রি এজেন্ট’।
নামে ‘ফ্রি’ হলেও এই মুক্তি যেকোনো ফুটবলারের জন্য এক লজ্জাই বটে। রোনালদিনহোর মতো সাবেক বর্ষসেরা খেলোয়াড়কে কেউ দলেই নিতে চাইছে না! রোনালদিনহোর জন্য সুখবর, এই ‘মুক্ত’ অবস্থার যন্ত্রণা সম্ভবত আর বেশি দিন সহ্য করতে হচ্ছে না। মুক্তি দিতে এগিয়ে আসছে সিওন। সুইস ক্লাবটি আগামী জানুয়ারিতে রোনালদিনহোকে দলে ভেড়াবে বলে শোনা যাচ্ছে।
২০১১ সালে সর্বশেষ ইউরোপে খেলেছিলেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে। ধীরে ধীরে নিজেকে হারাতে থাকা রোনালদিনহো সেই বছর মিলান থেকে ফিরে গিয়েছিলেন ব্রাজিলে, ফ্ল্যামেঙ্গোতে। এরপর অ্যাথলেটিকো মিনেইরো, মেক্সিকোর কেরেতারো হয়ে আবারও এই বছরের জুনে ফিরেছিলেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সেতে। সেখানেও বেশি দিন থাকা হলো না। এখন সিওনে যোগ দেওয়ার গুঞ্জনটা বাস্তব হলে চার বছর পর আবার ইউরোপ মাতানোর সুযোগ পাবেন এই ৩৫ বছর বয়সী।
অবশ্য ‘ইউরোপ মাতানো’ শব্দ দুটি একটু বেশিই প্রগলভ, এই শব্দ দুটি যে এখনো তাঁর অতীতের ফর্মের রেশ থেকে আসা অনুভূতির প্রকাশ। বর্তমান ফর্মে রোনালদিনহোর তেমন অসাধারণ কিছু করার সম্ভাবনা কমই। তবু রোনালদিনহো ইউরোপের কোনো ক্লাবে খেলবেন, ক্ষয়িষ্ণু ক্ষমতার হলেও আবারও সেই সদা হাস্য রোনিকে খেলতে দেখা যাবে এ-ই আশাই বা কম কী!
আশা জাগাচ্ছে সিওনের মহাপরিচালক মার্কো ডেগেনারোর বক্তব্য। অনেকটা অপ্রত্যাশিতভাবেই ইউরোপা লিগের ‘রাউন্ড অব ৩২’ তে উঠেছে দলটি। মৌসুমে প্রত্যাশিত ম্যাচের সংখ্যাও তাই বেড়ে গেছে। আগামী বছর শুরু হতে না হতে তাই নতুন কিছু খেলোয়াড় লাগবে সিওনের। সুইস সংবাদপত্র ব্লিককে ডেগেনারো যেমন বললেন, ‘আমরা অবশ্যই জানুয়ারিতে দলবদলের বাজারে কিছু না কিছু করব, কারণ আমরা এখনো তিনটি প্রতিযোগিতায় খেলছি। আমরা আমাদের সব খেলোয়াড়কে ধরে রাখার পাশাপাশি নতুন দু-তিনটি মুখও দলে আনতে চাচ্ছি।’
আর তাঁদের ‘ইচ্ছা তালিকা’য় ওপরের দিকেই আছেন রোনালদিনহো। হয়তো আগের মতো আর মাঠে প্রভাব ফেলতে পারবেন না, কিন্তু সাবেক ব্রাজিল ফরোয়ার্ড নিশ্চিতভাবেই ইউরোপিয়ান ক্লাবের হয়ে ২৭৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা দলে যোগ করবেন। সঙ্গে জার্সি বিক্রির বাড়তি আয়ের ‘ছোট্ট’ ব্যাপারটি তো আছেই। রোনি তাই বেশ ভালোভাবেই আছে সিওনের চিন্তাভাবনায়। ডেগেনারো বললেন, ‘রোনালদিনহো অবশ্যই বেশ আকর্ষণীয় একটা বিকল্প। আগামী বছরের শুরুতেই তাঁকে সই করানোর সম্ভাবনা বিবেচনা করছি আমরা।’