অবশেষে তিনি হারলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিটা তাহলে রোববারেই ভর করল দুই ম্যানচেস্টারের ওপর! প্রিমিয়ার লিগে স্বপ্নযাত্রাও থেমে গেল পেপ গার্দিওলার। টানা ছয় ম্যাচ জেতার পর মৌসুমে প্রথমবারের মতো হেরে গেছে ম্যানচেস্টার সিটি। আবারও হোঁচট খেয়েছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড, স্টোক সিটির সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।
হঠাৎ করেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে গার্দিওলাকে। আগের সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে গিয়ে ৩-৩ গোলে ড্র করে এসেছিল সিটি। লিগে ড্রয়ের সান্ত্বনাও পেল না, টটেনহামের কাছে হেরে গেল ২-০ গোলে। গত মৌসুমে লেস্টার ও আর্সেনালের পেছনে থেকে লিগে তৃতীয় হয়েছিল টটেনহাম। সেটা যে ফ্লুক নয়, এবারও যেন সেটি প্রমাণ করছে। সিটি এখনো লিগের শীর্ষে, তবে টটেনহাম এখনো একমাত্র অপরাজিত দল।
টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনো নিশ্চয়ই চাইবেন, শিগগিরই আরেকবার সিটির সঙ্গে খেলতে। লিগে টানা তিন ম্যাচে ম্যানচেস্টারের ক্লাবটির সঙ্গে জয় পেল টটেনহাম, গোল দিয়েছে মোট আটটি! কালকের ম্যাচেও গোলের সংখ্যাটা অন্তত দ্বিগুণ হতে পারত। ৯ মিনিটেই আলেক্সান্ডার কোলারভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৩৭ মিনিটে তরুণ মিডফিল্ডার ডেলে আলি ব্যবধান দ্বিগুণ করেন। ৬৫ মিনিটেই গোলের সংখ্যাটা ৩ হতে পারত, কিন্তু এরিক লামেলার পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন সিটি গোলরক্ষক ক্লদিও ব্রাভো। মৌসুমে প্রথমবারের মতো মাঝমাঠে ছন্নছাড়াই মনে হয়েছে সিটিকে, গার্দিওলা পরাজয়টা নিয়ে খুব একটা অনুযোগও করতে পারবেন না!
মরিনহো অবশ্য সেই ‘সুযোগ’ পেয়ে যাচ্ছেন। স্টোক সিটির সঙ্গে কম সুযোগ নষ্ট করেনি ইউনাইটেড। পল পগবা সহজ দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি, আরেকবার হেড ফিরে এসেছে পোস্টে লেগে। ইব্রাহিমোভিচও সুযোগ নষ্ট করেছেন, আর স্টোক গোলরক্ষক লি গ্রান্ট অন্তত তিনবার নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন।
শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল ইউনাইটেডই। ৬৯ মিনিটে বদলি অ্যান্থনি মার্শিয়াল তাঁর দ্বিতীয় ছোঁয়াতেই দারুণ এক গোলে এগিয়ে নেন ইউনাইটেডকে। কিন্তু ৮২ মিনিটে ডেভিড ডি গিয়ার ভুলে গোল করে সমতা ফেরান স্টোকের জো অ্যালেন। শেষ দিকে চেষ্টা করেও ইউনাইটেড গোল করতে পারেনি। দিনের অন্য ম্যাচে আর্সেনাল বার্নলিকে হারিয়েছে এক শূন্য গোলে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।