অবশেষে ফন পার্সির গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে গোল পেলেন রবিন ফন পার্সি। ছবি: এএফপি।
অবশেষে গোল পেলেন রবিন ফন পার্সি। ছবি: এএফপি।

আত্মবিশ্বাসটাই হয়ত হারিয়ে বসেছিলেন রবিন ফন পার্সি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডাচ স্ট্রাইকার গোল খরায় ভুগছিলেন বেশ কিছু দিন ধরেই। কোচ লুই ফন গালও ছেড়ে কথা বলেননি তাঁকে নিয়ে। কিন্তু শনিবার হাল সিটির বিপক্ষেই স্বরূপে ফিরলেন পার্সি। নিজে গোল করলেন, অন্যকে দিয়ে করালেন। ফন পার্সির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিনে হাল সিটিকে ৩-০ গোলের পরিষ্কার ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মৌসুমে এই প্রথমবারের মতো টানা তিন ম্যাচে জয় পেল রেড ডেভিলরা। হাল সিটির বিপক্ষে জয় ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ চতুষ্টয়ের মধ্যে এনে দিয়েছে তাদের।
নিজেদের মাঠের এই জয় ইউনাইটেডকে তৃপ্ত করলেও অ্যাঙ্গেল ডি মারিয়ার আঘাত ও মাঠ×ত্যাগ তাদের চিন্তিতই করবে। খেলার শুরুর দিকেই হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাঠ ছেড়ে উঠে যান এই আর্জেন্টাইন তারকা।
খেলার ১৬ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। গোলটি অবশ্য খুব দৃষ্টিসুখকর কিছু ছিল না। তারপরেও ক্রিস স্মালিংয়ে গোলটি আত্মবিশ্বাসী করে তোলে ওল্ড ট্র্যাফোর্ডের সৈনিকদের।
খেলার ৪২ মিনিটে রবিন ফন পার্সির পাস থেকে দারুণ এক গোলে ইউনাইটেডকে ২-০ গোলে এগিয়ে নেন ওয়েইন রুনি। প্রায় ২০ গজ দূর থেকে তীব্র শটে করা রুনির গোলটি হাল সিটির প্রতিরোধের শেষ দেউটি নিভিয়ে দেয় বড় নিষ্ঠুরভাবেই।
অবশেষে খেলার ৬৬ মিনিটে গোল পান ফন পার্সি। বাম পায়ের শটে করা পার্সির গোলটি থামিয়ে দেয় তাঁর বিপক্ষে ধূমায়িত হতে থাকা নেতিবাচক সমালোচনাকে। সূত্র:এএফপি।