‘অবশেষে ফাইনালে’ ইংল্যান্ড, আনন্দে মাতোয়ারা ব্রিটিশ সংবাদমাধ্যম
অবশেষে ফাইনালের দেখা মিলল!
ইংলিশদের মনের কথা। বড় কোনো টুর্নামেন্টে ইংল্যান্ড সর্বশেষ ফাইনালের দেখা পেয়েছিল ১৯৬৬ বিশ্বকাপে। ৫৫ বছর অপেক্ষার পর এবার ইউরোয় ফাইনালের দেখা পেয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে কাল রাতে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে খরা কাটিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। এই জয়ে উদ্বেলিত ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল ‘জাতীয় ছুটি’ ঘোষণার অনুরোধ করেছেন। এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রথম ও শেষ পাতাজুড়ে ছিল ইংল্যান্ডের ইউরো ফাইনালে ওঠার খবর, যার বেশির ভাগ শিরোনামেই একটি কথা প্রাধান্য পেয়েছে ‘ফাইনালি!’ অর্থাৎ অবশেষে!
ব্রিটেনের জাতীয় ট্যাবলয়েড ডেইলি মিররের শিরোনাম এক কথায় এটাই—‘ফাইনালি!’ আরেক সংবাদমাধ্যম ডেইলি স্টার এক ধাপ এগিয়ে শিরোনাম করে, ‘এটাই কি সেরা স্বপ্ন?’ ইন্ডিপেন্ডেন্টের শিরোনাম, ‘ইতিহাস-রচয়িতারা’। টাইমসের প্রধান ফুটবল প্রতিবেদক হেনরি উইন্টার সংবাদমাধ্যমটিতে তাঁর প্রতিবেদনে লেখেন, ‘ইংল্যান্ড ফাইনালে—ফাইনাল!—এই শব্দগুলো সবচেয়ে অদ্ভুত, সুন্দর ও বিরল—সেটা লেখা, পড়া ও কল্পনায়।’ তিনি আরও লিখেছেন, ‘৩০ জুলাই, ১৯৬৬ সালের পর এই প্রথমবারের মতো ইংল্যান্ড বড় একটি শিরোপার জন্য লড়বে। ফাইনালে লড়বে! ৫৫ বছরের যন্ত্রণা কি শেষ হতে চলেছে?’
সাউথগেট ইংল্যান্ড কোচ হয়ে আসার পর ব্রিটিশ সংবাদমাধ্যম তাঁর সমালোচনা করতে কুণ্ঠা করেনি। প্রশংসা করেছে খুব কমই। ১৯৯৬ ইউরো সেমিফাইনালে টাইব্রেকারে সাউথগেট লক্ষ্যভেদ করতে ব্যর্থ হওয়ায় সেবার ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। মাঝেমধ্যেই ব্রিটিশ সংবাদমাধ্যম নিষ্ঠুরই হয়ে উঠেছে তাঁর প্রতি। এবার সেই সাউথগেটেরই হাত ধরে ফাইনালে ওঠার পর কোচের প্রশংসা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ডেইলি মেইলে প্রতিবেদক মার্টিন স্যামুয়েল লিখেছেন, ‘অজনপ্রিয় এবং হারলে বলির পাঁঠা হওয়ার মতো সাহস তার আছে। ইংল্যান্ড জিতেছে। ফাইনালে উঠেছে। তার প্রতি সুবিচার। এই (ফাইনালে ওঠা) ফলটা দিয়ে যেকোনো সিদ্ধান্তকে আগলে রাখা যায়। দল এবং টিম ম্যানেজমেন্ট এটার যোগ্য।’
ইংল্যান্ড অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেইনেরও দারুণ প্রশংসা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন। গ্যারি লিনেকারের সমান ১০ গোল করেছেন। গার্ডিয়ানে বার্নি রুনি তাঁর সমন্ধে লিখেছেন, ‘এই কেইনকেই ইংল্যান্ডের দরকার ছিল। ব্যক্তিত্বসম্পন্ন নেতা।
এখন ফাইনালের অপেক্ষা। ইতালিকে যদি হারিয়ে দেয় ইংল্যান্ড! তাহলে কী হতে পারে—এ নিয়ে টাইমসে লিখেছেন ম্যাট ডিকিনসন, ‘এই উৎসব যদি খুব ভালো লাগে, যা একসময় যন্ত্রণা হয়ে ছিল—এখন ইংল্যান্ড যদি ইউরো ২০২০ জিতে নেয়, তাহলে কী প্রবল উন্মত্ততা সৃষ্টি হবে, ভেবে দেখুন!’