অবশেষে ফিরছেন তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম তো নয়, প্রায় সাড়ে তিন বছর। কার্লোস তেভেজ হয়তো ধরেই নিয়েছিলেন আকাশি-নীল জার্সি আর কখনো গায়ে চড়ানো হচ্ছে না। সেই তৃষিত প্রহর শেষ হতে পারে আজই, ক্রোয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচেই ফিরতে পারেন তেভেজ।
প্রথম একাদশে থাকবেন কি না, সেটা অবশ্য অনিশ্চিত। তবে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর কথা থেকে আশাবাদী হতে পারেন তেভেজ, ‘আমি কথা দিতে পারছি না সে প্রথম একাদশে থাকবে না বেঞ্চে থাকবে। তবে এমনও হতে পারে, ম্যাচের কোনো একটা সময়ে মেসি ও তেভেজ একসঙ্গে খেলছে। এটা সত্যি, হিগুয়েইন ও আগুয়েরোর সঙ্গে মেসির বোঝাপড়া খুবই ভালো। তেভেজের সঙ্গেও যে ও খেলেছে, সেটা আমরা অনেকেই ভুলেই গেছি।’
তবে এ মুহূর্তে যে ফর্মে আছেন, তাতে আজ সুযোগ না পেলে তেভেজ নিশ্চিতভাবেই হতাশ হবেন। সিরি ‘আ’তে ৮ গোল নিয়ে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা জুভেন্টাসের এই স্ট্রাইকার, গোলও করিয়েছেন ৪টি। এই সপ্তাহে পার্মার সঙ্গে দুর্দান্ত গোলটা তো সেই পুরোনো তেভেজকেই মনে করিয়ে দিয়েছে। ক্রোয়েশিয়ার সঙ্গে ফিরতে পারলে আজ সেটাকে স্মরণীয় করে রাখতেই পারেন!
কাকতালই বটে, প্রত্যাবর্তনটাও হচ্ছে স্মৃতিমেদুর। ম্যাচটা হচ্ছে ইংলিশ লিগের ক্লাব ওয়েস্ট হামের মাঠ আপটন পার্কে। এ ক্লাবে তো এক বছর খেলে গেছেন তেভেজ। অসাধারণ কিছু স্মৃতিও আছে, মৌসুমের শেষ দিনে ইউনাইটেডের সঙ্গে দলকে অবনমন থেকে বাঁচিয়ে দেওয়া গোলটা তো তেভেজ অনেক দিনই মনে রাখবেন।
আক্রমণে বড় তারকাদের সবাই থাকলেও আজ একেবারেই নড়বড়ে রক্ষণ নিয়ে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। চোটের কারণে মার্টিনো প্রথম পছন্দের তিন ডিফেন্ডার মার্কোস রোহো, এজেকিয়েল গারাই ও ফেদেরিকো ফার্নান্দেজকে দলে পাচ্ছেন না। ক্রোয়েশিয়াও অবশ্য খর্বশক্তির দল নিয়ে নামছে, মধ্যমাঠের দুই ভরসা রিয়ালের লুকা মডরিচ ও বার্সেলোনার ইভান রাকিটিচকে বিশ্রাম দিয়েছেন কোচ নিকো কোভাচ।
ইস্তাম্বুলে তুরস্কের সঙ্গে ম্যাচের আগে ব্রাজিল দলেও চোট থাবা বসিয়েছে। পায়ে আঘাত পেয়ে ছিটকে গেছেন পিএসজির ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মৌরা, শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছে বেনফিকা স্ট্রাইকার অ্যান্ডারসন তালিসকাকে। আজ অভিষেক হয়ে যেতে পারে আরও বেশ কয়েকজনের—শাখতারের ত্রয়ী ফ্রেড, ডগলাস কস্তা ও লুইজ আদ্রিয়ানোর সঙ্গে অপেক্ষায় আছেন ফিওরেন্টিনা গোলরক্ষক নেতো ও হফেনহেইমের প্লে-মেকার রবার্তো ফিরমিনো। এএফপি, গোলডটকম।