অবশেষে বাংলাদেশে আসছেন টিডি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর (টিডি) পল স্মলির ঢাকায় আসার কথা ছিল গত মাসে। কিন্তু ১ জুলাই গুলশানে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার পর অনিশ্চিত হয়ে পড়ে তাঁর আসা। পল তখন ফোনে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে জানিয়েছিলেন, তাঁর পরিবার তাঁকে ঢাকায় আসতে নিষেধ করেছে। তবে শেষ পর্যন্ত ঢাকায় আসাটা নিশ্চিত করেছেন এই অস্ট্রেলিয়ান। কাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বললেন, ‘পল ই-মেলের মাধ্যমে আজ (গতকাল) আমাদের জানিয়েছেন যে তিনি ঢাকা আসছেন। আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে তাঁর।’
পলের ই-মেল পেয়ে নড়েচড়ে বসেছে বাফুফে। কাল ফেডারেশন ভবনে কাজী সালাউদ্দিন তাঁর নিরাপত্তা ও আবাসন এবং চুক্তি নিয়ে সভা করেছেন অন্য কর্মকর্তাদের সঙ্গে। বাফুফের সঙ্গে পলের চুক্তি হতে পারে আগামী দুই বছরের জন্য। প্রথমে স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় আসার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। পল আসবেন একা। টেকনিক্যাল ডিরেক্টর বলা হলেও কাগজে-কলমে তিনি আসছেন বাফুফের স্ট্র্যাটেজিক ডিরেক্টর হয়ে। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য যেকোনো পরামর্শ দেওয়ার দরজাই তাঁর জন্য খোলা।
পলের নিরাপত্তার ব্যাপারে কোনো কার্পণ্য রাখতে চাইছে না বাফুফে। জাতীয় দলের কোচ টম সেন্টফিট, গোলকিপার কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার, সম্ভাব্য বিদেশি ফিটনেস ট্রেনারের জন্যও থাকবে একই নিরাপত্তা। বিদেশিদের নিরাপত্তা দেওয়ার জন্য এরই মধ্যে স্বরাষ্ট্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে বাফুফে।
সেন্টফিটের সঙ্গে চুক্তি হচ্ছে: গত ২৭ জুলাই বাফুফের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলার কথা ছিল টম সেন্টফিটের। কিন্তু চুক্তি না করেই দেশ ছাড়েন এই বেলজিয়ান। তবে দেশে ফিরে বাফুফেকে সেন্টফিট জানিয়েছেন, নিরাপদে পৌঁছেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন ১৭ আগস্ট ঢাকায় আসার পরদিনই সেরে ফেলতে চান চুক্তিটা।