অবশেষে বালোতেল্লির গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর বালোতেল্লির সাদামাটা উদ্‌যাপন। পরশু অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ম্যাচে l এএফপি
গোলের পর বালোতেল্লির সাদামাটা উদ্‌যাপন। পরশু অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ম্যাচে l এএফপি

প্রায় ২০ মিলিয়ন ইউরোতে গত আগস্টে এসি মিলান ছেড়ে যোগ দিয়েছিলেন লিভারপুলে। ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোলটি অবশেষে পেলেন পরশু রাতে। প্রায় ছয় মাস পর। আর কী মূল্যবান সেই গোল! ম্যাচের ৮৩ মিনিটে খেপাটে স্ট্রাইকারের ওই গোলেই টটেনহামের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর এক জয় পেয়েছে লিভারপুল।
উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে লাজার মার্কোভিচ ও স্টিভেন জেরার্ডের গোলে দুবার এগিয়ে যায় লিভারপুল। দুবারই টটেনহামকে সমতায় ফেরান হ্যারি কেন ও মুসা দেম্বেল। তবে ৭৪ মিনিটে বদলি হিসেবে নামা বালোতেল্লির গোলে অ্যানফিল্ডে শেষ হাসিটা লিভারপুলেরই। এর আগে ১৪ ম্যাচে ৪৮টি শট নেওয়ার পরও গোলশূন্য থাকা বালোতেল্লি কিন্তু প্রথম গোলটি পেয়েও উদ্যাপন করেননি খুব একটা। ম্যাচের পর অবশ্য ইনস্টাগ্রামে নিজের হাসিমুখের একটা ছবি দিয়ে লিখেছেন, ‘এ হাসি তাঁদের জন্য যাঁরা এত দিন আমার ওপর বিশ্বাস রেখেছেন।’
এদিকে লিগের তলানিতে থাকা দল লেস্টারকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনালও। এএফপি।