অবশেষে বুফন-দেয়াল ভাঙলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটা করেছেন মেসি। আনন্দে সতীর্থকে জড়িয়ে ধরলেন জর্ডি আলবা। পরশু ন্যু ক্যাম্পে l রয়টার্স
দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটা করেছেন মেসি। আনন্দে সতীর্থকে জড়িয়ে ধরলেন জর্ডি আলবা। পরশু ন্যু ক্যাম্পে l রয়টার্স

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ। তার আগে বার্লিনে ২০১৪-১৫ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। জিয়ানলুইজি বুফনের বিপক্ষের আগে তিনবার খেলেছেন লিওনেল মেসি। গোল পাননি একটিও। বুফন যেন এক দুর্বোধ্য ধাঁধা হয়ে ছিলেন তাঁর কাছে।

অবশেষে মেসি সেই ধাঁধার জট খুললেন পরশু রাতে। একটি নয়, জোড়া গোল দিয়ে। সঙ্গে ইভান রাকিটিচের আরও এক গোল মিলিয়ে ন্যু ক্যাম্পে জুভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু হলো বার্সেলোনার। গত মৌসুমের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে জুভদের কাছে ৩-০ গোলে হেরেই বিদায় নিয়েছিল বার্সা। চাইলে তাই মেসিরা এটিকে প্রতিশোধও ভাবতে পারেন।

চোটের কারণে জর্জো কিয়েলিনি, মানজুকিচ ও মার্কিসিওদের দলে পাননি জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। অন্যদিকে এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো বার্সার একাদশে জায়গা করে নেন উসমান ডেম্বেলে। সুয়ারেজ-মেসি-ডেম্বেলে, এই ‘এমএসডি’ ত্রয়ীর আক্রমণে জুভেন্টাসের প্রতিরোধ ভাঙে ৪৫ মিনিটে। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ডি বক্সে ঢুকে বাঁ পায়ের শটে বার্সাকে এগিয়ে দেন মেসি। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ান রাকিটিচ। মেসি অবশ্য এতেই সন্তুষ্ট থাকেননি। ৬৯ মিনিটে আরও একটা অসাধারণ গোল করে নিশ্চিত করেন বার্সেলোনার জয়। এ নিয়ে এই মৌসুমের সব টুর্নামেন্টে ৬ ম্যাচে ৮ গোল হয়ে গেল মেসির। চ্যাম্পিয়নস লিগে সব মিলিয়ে হলো ৯৬ আর ইউরোপিয়ান সব টুর্নামেন্ট মিলিয়ে ৯৯ গোল। চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো অবশ্য মেসির চেয়ে দুই ক্ষেত্রেই বেশ এগিয়ে আছেন—চ্যাম্পিয়নস লিগে ১০৫ ও ইউরোপে ১০৮ গোল!

দীর্ঘদিন আর্জেন্টাইন স্ট্রাইকারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন আর্নেস্তো ভালভার্দে। এসপানিওল, ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়া ও অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ যখন ছিলেন, অনেক ভুগতে হয়েছে মেসির কাছে। এখন সেই তিনিই মেসির কোচ। ভালভার্দের সবচেয়ে বড় আনন্দ এটাই, ‘প্রতিপক্ষ হিসেবে আমি যে কত ভুগেছি ওর কারণে! আমার সৌভাগ্য, সেই মেসি এখন আমার দলে। ম্যাচের শুরু থেকেই আমার মনে হচ্ছিল, মেসির পায়ে বল গেলে কিছু একটা হবেই! সেটা যা-ই হোক না কেন, আমাদের জন্য ভালোই হবে। হলোও তা-ই।’

জুভেন্টাসের মতো দলের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করাটা বার্সার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে বলেই মনে করেন ভালভের্দে, ‘এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা গতবারের ফাইনালিস্টদের বিপক্ষে খেলেছি। সমর্থকেরাও ধৈর্য ধরে ছিল প্রথম গোলের জন্য। তারা হাসিমুখেই বাড়ি ফিরেছে। লা লিগায় প্রথম তিনটি ম্যাচেই জিতেছি, এরপর এই জয়। এটা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।’

জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি অবশ্য মেসির কৃতিত্বের চেয়ে তাঁর খেলোয়াড়দের ব্যর্থতাকেই দেখেছেন বড় করে, ‘আমরা ওকে অনেক জায়গা দিয়েছি আজ। ওর জন্য কাজটা অনেক সহজ করে দিয়েছি। চ্যাম্পিয়নস লিগে এ রকম একটা বড় দলের বিপক্ষে এত ভুল করলে খেসারত দিতেই হয়।’ এএফপি, রয়টার্স।